ঢাকা-চট্টগ্রাম বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণ-আইফোন জব্দ
ঢাকা ও চট্টগ্রামের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণালঙ্কার ও স্বর্ণবার এবং একটি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
ঢাকা ও চট্টগ্রামের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণালঙ্কার ও স্বর্ণবার এবং একটি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা এসব পণ্যের শুল্ককরসহ আনুমানিক মূল্য ১ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ১৬৭ টাকা।
সোমবার (১২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামে অভিযান দুটি পরিচালনা করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের বি-শিফটের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে নজরদারি জোরদার করেন। এ সময় কুয়ালালামপুর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-০৩১৬ ফ্লাইটে আসা যাত্রী ফাতেমা তুজ জোহরার ব্যাগেজ সন্দেহজনক মনে হলে গ্রিন চ্যানেলে তাঁকে থামানো হয়।
পরে বিধি অনুযায়ী ব্যাগেজ পরীক্ষা করে ২৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার এবং একটি আইফোন ১৮ প্রো-ম্যাক্স জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৬১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকা।
অন্যদিকে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে আসা যাত্রী তানবীর হাসান রিফাতকে সন্দেহের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হয়। সকাল সাড়ে ৭টার দিকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাঁকে তল্লাশির জন্য নেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করলেও পরে কাস্টমস হলরুমে তল্লাশি চালিয়ে তাঁর জুতার ভেতরে লুকানো ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার এবং দেহ তল্লাশিতে ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার পাওয়া যায়।
একই ফ্লাইটে আসা অপর যাত্রী মো. হাবিবুর রহমানের ব্যাগেজ ও দেহ তল্লাশি করে আরও ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার এবং ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট এক যাত্রীর পাসপোর্টে ২০২৬ সালে আগে ব্যাগেজ সুবিধায় স্বর্ণ আনার তথ্যও পাওয়া গেছে।
চট্টগ্রামের অভিযানে মোট ৪৩৪ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। শুল্ককরসহ এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৭৮ লাখ ১২ হাজার টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গত এক সপ্তাহে পৃথক অভিযানে ৭০২ গ্রাম স্বর্ণবার ও ২০০ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মোট ৯০২ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে।
বিমানবন্দরগুলোতে স্বর্ণ ও উচ্চমূল্যের পণ্যের অবৈধ প্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি, সন্দেহভাজন যাত্রী শনাক্তকরণ এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
