জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান

বাংলাদেশের জাতীয় পতাকাবাহী-বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের ইতিহাসে প্রথমবারের মতো যুক্ত হলো । জাতিসংঘ সদরদপ্তর বাংলাদেশের রাষ্টীয় এ বিমানের একটি ফ্লাইট চাটার্ড করে বাংলাদেশের শান্তিরক্ষীদের মিশনে পাঠিয়েছে। এই চাটার্ড ফ্লাইটে তারা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের মিনুসকা মিশনে যোগ দেবেন।

বিষয়টিকে মাইলফলক হিসেবে উল্লেখ করে জাতিসংঘে বাংলাদেশ মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

এতে বলা হয়, তিন দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অমূল্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশি শান্তিরক্ষী পরিবহনে দেশটির নিজস্ব বিমান চার্টার্ড করল জাতিসংঘ। এটি একটি মাইলফলক।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশন জাতিসংঘ সদর দপ্তরের সঙ্গে বিমান চার্টার্ড সংক্রান্ত এই চুক্তি স্বাক্ষর, সার্বিক সমন্বয় ও নিবিড় যোগাযোগ রক্ষা করে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের চার্টার্ড ফ্লাইটটি বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর ১৭৯ জন শান্তিরক্ষীকে নিয়ে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গুইয়ের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

এই কন্টিনজেন্টের মধ্যে রয়েছে আর্মড ইউটিলিটি হেলিকপ্টার ইউনিট এর ১২৫ জন সদস্য, কুইক রিঅ্যাকশন ফোর্স কোম্পানীর অগ্রবর্তীদলের ২০ জন সদস্য এবং কোভিট-১৯ এর কারণে আটকে পড়া মিনুসকা মিশনের ৩৪ জন শান্তিরক্ষী।

ফ্লাইটটি আজ ২৯ মে শুক্রবার সকালে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইতে পৌঁছানোর কথা ছিল।

বর্তমানে ৬৫৪৩ জন বাংলাদেশি শান্তিরক্ষী বিশ্বের ৯টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত রয়েছেন যার মধ্যে ১০৬১ জন বাংলাদেশি শান্তিরক্ষী সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মিনুসকা মিশনে দায়িত্ব পালন করছেন। জাতিসংঘের এই শান্তিরক্ষা মিশনটি ২০১৪ সালের ১০ এপ্রিল কাজ শুরু করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.