চার্টার্ড বিমান ও হেলিকপ্টার ভাড়া বাড়ছে

মহামারী করোনার এই সঙ্কটকালে ২০২০-২০২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বিকাল সাড়ে ৩টায় এই বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা’ শিরোনামে অর্থমন্ত্রী মুস্তফা কামালের দ্বিতীয়বারের মতো উত্থাপিত এই বাজেটে চার্টার্ড বিমান ও হেলিকপ্টার ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

চার্টার্ড বিমান ও হেলিকপ্টার ভাড়ার ওপর বিদ্যমান সম্পূরক শুল্ক ২৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৩০ শতাংশ। ফলে চার্টার্ড বিমান ও হেলিকপ্টার ভাড়া আরও বাড়ছে।

এছাড়া বাড়ছে ব্যক্তিগত গাড়ির রেজিস্ট্রেশন ফিও। কার ও জিপের রেজিস্ট্রেশনসহ এই দুটি বাহনের ক্ষেত্রে বিআরটিএ প্রদত্ত অন্যান্য সার্ভিস ফি’র ওপর সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বৃদ্ধি করে ১৫ শতাংশ করার প্রস্তাব দেয়া হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.