ইরানে ফ্লাইট চলাচল স্বাভাবিক

ইরানের বিমান চলাচল সাময়িক বন্ধ থাকলেও ফ্লাইটগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। গতকাল শনিবার (২৬ অক্টোবর) ইসরায়েলি হামলার মুখে স্থগিতাদেশ দেওয়ার  কিছুক্ষণ পরেই স্থানীয় সময় সকাল ৯টা থেকে স্বাভাবিক হয় ফ্লাইট চলাচল। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

বেসামরিক বিমান চলাচল সংস্থার একজন মুখপাত্র ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। পাশাপাশি বিমান সংস্থাগুলোর বার্তার দিকে নজর রাখার জন্য যাত্রীদের পরামর্শ দিয়েছেন তিনি।

ওই মুখপাত্র আরও বলেছেন, কোনও নির্দিষ্ট ফ্লাইটের সময় সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য সরাসরি সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যাত্রীদের যোগাযোগ করতে হবে।

চলতি মাসের শুরুতে ইসরায়েলে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। ওই হামলায় ইসরায়েলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। হামলায় পশ্চিম তীরে একজন নিহত হন।

এই হামলার জবাবে শনিবার ভোরে দেশটির সামরিক স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
ইরানের নিরাপত্তা বাহিনী জানায়, স্থানীয় সময় ভোররাত ২টা ৩০ মিনিটের দিকে হামলা শুরু হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বেশ কয়েকটি বিস্ফোরণের খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, তেহরান এবং কারাজ শহরের আশেপাশে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। হামলার পর অনির্দিষ্টকালের জন্য সবরকম ফ্লাইট বাতিল করে ঘোষণা দিয়েছিল কর্তৃপক্ষ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.