১ জুলাই থেকে ফের ম্যানচেস্টার যাবে বিমান

দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর ফ্লাইট। আগামী ১ জুলাই থেকে এই রুটে পুনরায় নিয়মিত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

প্রাথমিকভাবে সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালিত হবে। প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে সিলেট হয়ে ম্যানচেস্টার যাবে বিমানের উড়োজাহাজ।

বিমানের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে সকাল ১০টা ৫৫ মিনিটে ছেড়ে ফ্লাইটটি দুপুর ১২টা ৫০ মিনিটে সিলেটে পৌঁছাবে। সেখান থেকে যাত্রা পুনরায় শুরু করে স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে ম্যানচেস্টারে পৌঁছাবে।

ফিরতি পথে ম্যানচেস্টার থেকে রাত ৯টায় ছেড়ে ফ্লাইটটি পরদিন সকাল ১১টা ৫০ মিনিটে সিলেটে অবতরণ করবে এবং সেখান থেকে যাত্রা শেষে দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কারিগরি ও বাণিজ্যিক নানা কারণে গত কয়েক মাস এই রুটে ফ্লাইট বন্ধ ছিল। ফলে যুক্তরাজ্যের ম্যানচেস্টার ও আশপাশের এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হয়েছে।

এই রুট পুনরায় চালু হওয়ায় বিশেষ করে সিলেট অঞ্চলের প্রবাসীরা সরাসরি যাতায়াতের সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। ১ জুলাই থেকে নির্ধারিত ফ্লাইটগুলোর টিকিট বিমানের বিক্রয় কেন্দ্র ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.