আবুধাবি-সালালাহ রুটে নতুন ফ্লাইট শুরু ইতিহাদের

ইতিহাদ এয়ারওয়েজ ওমানের জনপ্রিয় পর্যটন নগরী সালালাহর সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করেছে

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ ওমানের জনপ্রিয় পর্যটন নগরী সালালাহর সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করেছে। ২১ মে উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে আবুধাবি ও ওমানের দক্ষিণ উপকূলীয় শহর সালালাহর মধ্যে নতুন এই সংযোগ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। শুরুতে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হলেও আগামী ১৫ জুন থেকে ফ্লাইট সংখ্যা বাড়িয়ে সপ্তাহে পাঁচটি করা হবে। মূলত সালালাহর বিখ্যাত খারিফ মৌসুমকে কেন্দ্র করেই এই সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খারিফ মৌসুমে সালালাহর পাহাড়, উপত্যকা ও সমুদ্র উপকূল সবুজে আচ্ছাদিত হয়ে এক ভিন্ন রূপ ধারণ করে। মধ্যপ্রাচ্যের মরু আবহাওয়ার মধ্যে এমন প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রতিবছর বিপুলসংখ্যক পর্যটক সেখানে ভ্রমণ করেন। ইতিহাদ কর্তৃপক্ষ বলছে, নতুন এই রুট চালুর মাধ্যমে যাত্রীরা সহজেই মাত্র দুই ঘণ্টার কম সময়ে আবুধাবি থেকে সালালাহ পৌঁছাতে পারবেন।

সালালাহ এখন ওমানে ইতিহাদের দ্বিতীয় গন্তব্য। এর আগে দীর্ঘ ২০ বছর ধরে মাস্কাটে ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি। নতুন এই রুট চালুর মাধ্যমে ওমানের সঙ্গে আঞ্চলিক যোগাযোগ আরও শক্তিশালী হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

ইতিহাদ এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা আন্তোনালদো নেভেস বলেন, সালালাহর মতো ব্যতিক্রমধর্মী গন্তব্যকে বৈশ্বিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে পেরে তারা আনন্দিত। তার ভাষ্য অনুযায়ী, প্রাকৃতিক সৌন্দর্য, পরিচ্ছন্ন সমুদ্রসৈকত ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে সালালাহ উপসাগরীয় অঞ্চলের অন্যতম আকর্ষণীয় ভ্রমণকেন্দ্রে পরিণত হয়েছে।

এই রুট চালুর মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিজেদের আঞ্চলিক নেটওয়ার্ক আরও সম্প্রসারণের কৌশল বাস্তবায়ন করছে ইতিহাদ। একই সঙ্গে ইউরোপ, এশিয়া ও ভারতের বিভিন্ন গন্তব্য থেকে যাত্রীদের জন্যও সালালাহ ভ্রমণ আরও সহজ হবে।

সালালাহর পাশাপাশি গ্রীষ্মকালীন ছুটিকে কেন্দ্র করে আরও কয়েকটি নতুন গন্তব্য চালুর পরিকল্পনা নিয়েছে ইতিহাদ। আগামী জুন থেকে ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন জনপ্রিয় পর্যটন শহরে মৌসুমি ফ্লাইট শুরু করবে সংস্থাটি। এর মধ্যে রয়েছে ক্রাকোভ, পালমা দে মায়োরকা ও জাঞ্জিবার। পাশাপাশি আগের মৌসুমি গন্তব্য যেমন সান্তোরিনি, মাইকোনোস, মালাগা, নিস ও আল আলামেইনেও ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে।

বিশ্লেষকদের মতে, নতুন এই রুট শুধু পর্যটন খাতকেই উৎসাহিত করবে না, বরং ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ব্যবসা, বিনিয়োগ ও আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.