সিলেট থেকে চট্টগ্রাম-কক্সবাজারে ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান

চট্টগ্রাম ও কক্সবাজার রুটে পুনরায় এবং নতুনভাবে ফ্লাইট চালুর প্রাথমিক সিদ্ধান্ত

সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে পুনরায় এবং নতুনভাবে ফ্লাইট চালুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। দীর্ঘদিনের দাবি ও যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পবিত্র ঈদুল আজহার ছুটির পর বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদিরের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এই দুই রুটে ফ্লাইট চালুর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ঈদের ছুটি শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি বৈঠকে বসে ফ্লাইট চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

আবদুল কাইয়ুম চৌধুরীর মতে, সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ছিল দেশের গুরুত্বপূর্ণ দুই শহর চট্টগ্রাম ও কক্সবাজারের সঙ্গে সরাসরি আকাশ যোগাযোগ চালু করা। এই উদ্যোগ বাস্তবায়িত হলে যাত্রীদের ভ্রমণ আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে। পাশাপাশি পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

যোগাযোগ করা হলে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানান, তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ বিষয়ে অনুরোধ জানিয়েছেন। বিমান কর্তৃপক্ষ বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সিলেট থেকে কক্সবাজার রুটে পর্যটকদের ব্যাপক আগ্রহ রয়েছে। একইভাবে চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক নগরী হওয়ায় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের জন্য সরাসরি ফ্লাইট চালু হলে যাতায়াতে বড় ধরনের সুবিধা তৈরি হবে। বর্তমানে এই দুই গন্তব্যে যেতে সিলেটের যাত্রীদের ঢাকা হয়ে ভ্রমণ করতে হয়, যা সময় ও ব্যয় দুটোই বাড়িয়ে দেয়।

এর আগে ২০২০ সালে তৎকালীন সরকারের উদ্যোগে সিলেট-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট চালু হয়েছিল। তখন সপ্তাহে দুই দিন এই রুটে ফ্লাইট পরিচালনা করা হতো। তবে কিছুদিন চলাচলের পর অজ্ঞাত কারণে সেই সেবা বন্ধ হয়ে যায়। অন্যদিকে সিলেট-চট্টগ্রাম রুটে এর আগে কখনো বিমানের নিয়মিত ফ্লাইট পরিচালিত হয়নি।

স্থানীয় ব্যবসায়ী ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এই দুই রুটে ফ্লাইট চালু হলে সিলেট অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। বিশেষ করে পর্যটন খাত, হোটেল-রিসোর্ট ব্যবসা এবং আঞ্চলিক বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা করছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.