রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা থেকে রিয়াদগামী অন্তত ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা থেকে রিয়াদগামী অন্তত ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে কর্মস্থলে ফেরার অপেক্ষায় থাকা হাজারো বাংলাদেশি প্রবাসী ভোগান্তিতে পড়েছেন। একই সঙ্গে রিয়াদ বিমানবন্দরে আটকা পড়েছেন প্রায় চার হাজার যাত্রী। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, শনিবার রাত থেকে রোববার পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট বাতিল করা হয়। এতে ঢাকায় প্রায় তিন হাজার যাত্রী সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার প্রস্তুতি নেওয়া অনেক প্রবাসী নির্ধারিত সময়ে সৌদি আরবে পৌঁছাতে না পারায় দুশ্চিন্তায় পড়েছেন।
ভুক্তভোগীদের একজন কুমিল্লার বাসিন্দা রফিকুল ইসলাম। রোববার পরিবারের সদস্যদের নিয়ে সৌদি আরবে ফেরার কথা ছিল তাঁর। আগে থেকেই টিকিট কেটে নির্ধারিত সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, তাঁর ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বাইরে রফিকুল জানান, হঠাৎ ফ্লাইট বাতিল হওয়ায় তিনি বিপাকে পড়েছেন। সময়মতো সৌদি আরবে পৌঁছাতে না পারলে কর্মস্থলে নানা সমস্যার মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন তিনি। পরবর্তী ফ্লাইটের সময়সূচি দ্রুত জানানো হলে যাত্রীদের ভোগান্তি কিছুটা কমত বলেও মন্তব্য করেন তিনি।
বিমানবন্দর সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস, সৌদিয়া, রিয়াদ এয়ার ও শ্রীলঙ্কান এয়ারলাইনসের ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার হাজার যাত্রী আটকা পড়েছেন। বিমানবন্দরটি কবে চালু হবে এবং কখন ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না থাকায় তাঁদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বলেন, সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো ক্ষতিগ্রস্ত যাত্রীদের প্রয়োজনীয় তথ্য জানাচ্ছে। পরবর্তী যাত্রার সময় নিশ্চিত করতে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে বিমানবন্দরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে বিকল্প পথে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করেও অনেক যাত্রী সমস্যায় পড়েছেন। ভারত হয়ে যাত্রার টিকিটের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় অতিরিক্ত খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে অনেকের জন্য।
ফ্লাইট বাতিলের পর শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের টিকিট পরিবর্তন, অর্থ ফেরত এবং নতুন সময়সূচি জানতে এয়ারলাইনসের কাউন্টারগুলোতে ভিড় করতে দেখা যায়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রিয়াদগামী যাত্রীদের এই ভোগান্তি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।