সাউথওয়েস্ট এয়ারলাইন্সের সঙ্গে বড় চুক্তি করল কারট্রলার
কারট্রলার যুক্তরাষ্ট্রের স্বল্পমূল্যের শীর্ষ এয়ারলাইন সাউথওয়েস্ট এয়ারলাইন্স–এর সঙ্গে বড় ধরনের চুক্তি
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান কারট্রলার যুক্তরাষ্ট্রের স্বল্পমূল্যের শীর্ষ এয়ারলাইন সাউথওয়েস্ট এয়ারলাইন্স–এর সঙ্গে বড় ধরনের একটি চুক্তি সম্পন্ন করেছে। এটি প্রতিষ্ঠানটির ইতিহাসে অন্যতম বড় চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন এই সমঝোতার মাধ্যমে বিশ্বের বড় বড় এয়ারলাইন্সের সঙ্গে কারট্রলার–এর অংশীদারিত্ব আরও শক্তিশালী হলো।
কারট্রলার মূলত ভ্রমণ খাতের জন্য বিজনেস-টু-বিজনেস সফটওয়্যার সেবা দিয়ে থাকে। তাদের প্রযুক্তির মাধ্যমে যাত্রীরা বিভিন্ন এয়ারলাইন্স বা ভ্রমণ প্রতিষ্ঠানের ওয়েবসাইট ব্যবহার করে গাড়ি ভাড়ার সুবিধা নিতে পারেন। ২০২৪ অর্থবছরে প্রতিষ্ঠানটির রাজস্ব আয় ছিল ১৭ কোটি ২০ লাখ ইউরো। বর্তমানে তাদের গ্রাহক তালিকায় রয়েছে রায়ানএয়ার, আমেরিকান এয়ারলাইন্স, ইজিজেট, এমিরেটস এবং কোয়ান্টাস–এর মতো আন্তর্জাতিক এয়ারলাইন্স ও প্রতিষ্ঠান।
সম্প্রতি বৈশ্বিক ভ্রমণ প্রযুক্তি প্রতিষ্ঠান এক্সপিডিয়া ঘোষণা দেয়, তারা যুক্তরাজ্যভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান টাওয়ারব্রুক ক্যাপিটাল পার্টনার্স–এর কাছ থেকে কারট্রলার অধিগ্রহণ করছে। যদিও চুক্তির আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি, তবে চলতি বছরের শেষ দিকে অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অভ্যন্তরীণ এয়ারলাইনগুলোর একটি সাউথওয়েস্ট এয়ারলাইন্স ২০২৫ সালে প্রায় ১৩ কোটি ৪১ লাখ যাত্রী পরিবহন করেছে। যদিও এটি আগের বছরের তুলনায় কিছুটা কম। বর্তমানে প্রতিষ্ঠানটির বহরে রয়েছে ৮০০টিরও বেশি উড়োজাহাজ। গত বছর এয়ারলাইনটির মোট আয় দাঁড়ায় ২৮ বিলিয়ন মার্কিন ডলারে, যার মধ্যে ২৫ দশমিক ৫ বিলিয়ন ডলার এসেছে যাত্রীসেবা থেকে। অতিরিক্ত ব্যাগেজ ফি এবং ক্রেডিট কার্ড অংশীদারিত্ব চুক্তির কারণে তাদের যাত্রী আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
নতুন চুক্তির আওতায় সাউথওয়েস্ট এয়ারলাইন্স তাদের যাত্রীদের গাড়ি ভাড়ার সেবা আরও আধুনিক ও সহজ করতে কারট্রলার–এর “কানেক্ট প্ল্যাটফর্ম” ব্যবহার করবে। এর মাধ্যমে আগের ইন-হাউস সিস্টেমের পরিবর্তে আরও দ্রুত, আধুনিক এবং ব্যবহারবান্ধব ডিজিটাল বুকিং অভিজ্ঞতা নিশ্চিত করা হবে। যাত্রীরা এখন আরও বেশি গাড়ি ভাড়ার অপশন পাবেন এবং দ্রুত বুকিং সম্পন্ন করতে পারবেন।
এছাড়া এ প্ল্যাটফর্ম সাউথওয়েস্ট–এর অতিরিক্ত আয় বা অ্যানসিলারি রেভিনিউ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। ২০২৫ সালে এয়ারলাইনটির অ্যানসিলারি রেভিনিউ ছিল প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। একইভাবে রায়ানএয়ার–এর অ্যানসিলারি রেভিনিউ গত অর্থবছরে ৫ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে।
সাউথওয়েস্ট এয়ারলাইন্স–এর প্রোডাক্ট ডেভেলপমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট ফিল গউল বলেন, কারট্রলার ভ্রমণ প্রযুক্তি খাতে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। তাদের প্ল্যাটফর্ম যাত্রীদের আরও ব্যক্তিগতকৃত ও সুবিধাজনক অভিজ্ঞতা দিতে সহায়তা করবে। পাশাপাশি সাউথওয়েস্ট–এর “র্যাপিড রিওয়ার্ডস” সদস্যরা গাড়ি ভাড়া বুকিংয়ের মাধ্যমে অতিরিক্ত পয়েন্ট অর্জনের সুযোগও পাবেন।
