ফ্লাইট বিলম্ব কমাতে নতুন প্রযুক্তি ‘SkyCast’ চালু করল ভারত

অত্যাধুনিক এভিয়েশন আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থা ‘স্কাইকাস্ট (SkyCast)’, যা বিমান চলাচলকে আরও নিরাপদ ও নির্ভুল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (IGI) চালু হয়েছে অত্যাধুনিক এভিয়েশন আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থা ‘স্কাইকাস্ট (SkyCast)’, যা বিমান চলাচলকে আরও নিরাপদ ও নির্ভুল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ভারতের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূ-বিজ্ঞান প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এই নতুন সিস্টেমটির উদ্বোধন করেন। তিনি জানান, বিশ্বে এখন পর্যন্ত মাত্র ১৮টি এ ধরনের উন্নত আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থা রয়েছে এবং ভারত ১৯তম দেশ হিসেবে এই প্রযুক্তি যুক্ত করেছে। এই সিস্টেম মূলত বিমান চলাচলের জন্য রিয়েল-টাইম আবহাওয়া বিশ্লেষণ ও পূর্বাভাস দেওয়ার কাজ করবে।

নতুন ‘স্কাইকাস্ট’ সিস্টেমটি অত্যাধুনিক রিমোট সেন্সিং প্রযুক্তি, বায়ুমণ্ডলীয় পর্যবেক্ষণ এবং নাওকাস্টিং প্রযুক্তির সমন্বয়ে তৈরি। এটি দ্রুত পরিবর্তনশীল আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের আগাম সতর্কতা প্রদান করবে, যাতে তারা ফ্লাইট অবতরণ, উড্ডয়ন বা ডাইভারশনের সিদ্ধান্ত আরও নির্ভুলভাবে নিতে পারেন।

এই প্রযুক্তির মাধ্যমে বায়ুমণ্ডলের তাপমাত্রা, আর্দ্রতা, জলীয় বাষ্পের ঘনত্ব, মেঘের ঘনত্ব, বাতাসের গতি ও দিক এবং উল্লম্ব বায়ু প্রবাহসহ গুরুত্বপূর্ণ আবহাওয়াগত তথ্য বিশ্লেষণ করা সম্ভব হবে। সিস্টেমটি ভূমি থেকে প্রায় ১০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডল পর্যবেক্ষণ করতে সক্ষম, যা বিমান চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (DIAL) জানিয়েছে, এই সিস্টেম বিমানবন্দর পরিচালনা ব্যবস্থাকে আরও স্মার্ট এবং কার্যকর করবে। আবহাওয়া দ্রুত পরিবর্তিত হলে তাৎক্ষণিক তথ্য পাওয়া গেলে ফ্লাইট বিলম্ব, বাতিল বা ডাইভারশন অনেকাংশে কমানো সম্ভব হবে।

DIAL-এর সিইও বিদেহ কুমার জৈপুরিয়ার মতে, “আবহাওয়ার দ্রুত পরিবর্তনের কারণে বিমান চলাচলে বড় ধরনের প্রভাব পড়ে। এই নতুন প্রযুক্তি পাইলট, এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং বিমানবন্দর কর্তৃপক্ষকে আরও দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।”

এই প্রকল্পের বৈজ্ঞানিক ভিত্তি এসেছে ২০১৫ সালে চালু হওয়া উইন্টার ফগ এক্সপেরিমেন্ট (WiFEX) থেকে, যা ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) এবং ভারতীয় উষ্ণমণ্ডলীয় আবহাওয়া গবেষণা প্রতিষ্ঠান (IITM)-এর যৌথ উদ্যোগে শুরু হয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি ভবিষ্যতে ভারতের বিমান চলাচলে ‘ফগ-ফ্রি ফ্লাইট’ বাস্তবায়নের দিকে একটি বড় পদক্ষেপ হতে পারে, যা যাত্রীদের জন্য আরও নিরাপদ ও নিরবচ্ছিন্ন ভ্রমণ নিশ্চিত করবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.