ক্যাসললেকের তৃতীয় অধিগ্রহণ প্রস্তাবও প্রত্যাখ্যান করল ইজিজেট
ইজিজেটকে অধিগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ক্যাসললেকের দেওয়া প্রস্তাব তৃতীয়বারের মতো প্রত্যাখ্যান করেছে।
ব্রিটিশ স্বল্পমূল্যের বিমান সংস্থা ইজিজেটকে অধিগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ক্যাসললেকের দেওয়া প্রস্তাব তৃতীয়বারের মতো প্রত্যাখ্যান করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। প্রায় ৪ দশমিক ৭৪ বিলিয়ন পাউন্ড মূল্যের এই প্রস্তাবকে ‘অত্যন্ত কম’ এবং কোম্পানির প্রকৃত মূল্যায়নের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেছে ইজিজেট। প্রস্তাব প্রত্যাখ্যানের খবর প্রকাশের পর লন্ডন শেয়ারবাজারে ইজিজেটের শেয়ারের দাম একপর্যায়ে ৫ শতাংশের বেশি বেড়ে যায়।
ক্যাসললেকের সর্বশেষ প্রস্তাবে ইজিজেটের প্রতিটি শেয়ারের মূল্য ধরা হয় ৬ দশমিক ২৫ পাউন্ড। এর আগে ১২ ও ১৭ জুন যথাক্রমে ৫ দশমিক ৬০ পাউন্ড এবং ৬ পাউন্ড দরে দুটি পৃথক প্রস্তাব দিয়েছিল প্রতিষ্ঠানটি। তবে ইজিজেটের পরিচালনা পর্ষদ তিনটি প্রস্তাবই প্রত্যাখ্যান করেছে। কোম্পানির ভাষ্য, এসব প্রস্তাব শেয়ারহোল্ডারদের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষা করে না এবং ইজিজেটের প্রকৃত বাজারমূল্যকে প্রতিফলিত করে না।
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসভিত্তিক ক্যাসললেক মূলত বিমান খাতে বিনিয়োগের জন্য পরিচিত এবং প্রতিষ্ঠানটি প্রায় ৩৮ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ ব্যবস্থাপনা করে। তাদের দাবি, সর্বশেষ প্রস্তাবটি গত ফেব্রুয়ারির তুলনায় ৩৫ শতাংশ এবং গত ১২ মাসের গড় শেয়ারমূল্যের তুলনায় ৩৯ শতাংশ বেশি মূল্য প্রস্তাব করছে। ফলে শেয়ারহোল্ডারদের এই প্রস্তাব বিবেচনার সুযোগ দেওয়া উচিত বলে মনে করছে প্রতিষ্ঠানটি। প্রস্তাব গ্রহণ বা প্রত্যাখ্যানের জন্য ২৬ জুন পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে ইজিজেটের বড় শেয়ারহোল্ডারদের অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কোম্পানির প্রতিষ্ঠাতা স্টেলিওস হাজি-ইওয়ান্নু প্রায় ১৫ দশমিক ৩ শতাংশ শেয়ারের মালিক। এছাড়া বিভিন্ন বিনিয়োগ তহবিল যৌথভাবে কোম্পানির প্রায় ৭০ শতাংশ শেয়ারের মালিকানা ধরে রেখেছে।
ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুযায়ী, কোনো ইউরোপীয় বিমান সংস্থার অন্তত ৫১ শতাংশ মালিকানা ইউরোপীয় বিনিয়োগকারীদের হাতে থাকতে হবে। এ কারণে ক্যাসললেক জানিয়েছে, তারা সাবেক ইজিজেট নির্বাহী পিটার বেলিউ এবং সাবেক ওমান এয়ার কর্মকর্তা মার্ক ব্রিনসহ ইউরোপীয় অংশীদারদের নিয়ে একটি মালিকানা কাঠামো গড়ে তুলতে চায়। তবে ইজিজেটের দাবি, এই মালিকানা কাঠামো এখনো যথেষ্ট স্বচ্ছ নয় এবং এতে প্রস্তাবটি সঠিকভাবে মূল্যায়নের মতো পর্যাপ্ত তথ্য নেই।
এদিকে, এয়ার ফ্রান্স-কেএলএম এবং ব্রিটিশ এয়ারওয়েজের মূল প্রতিষ্ঠান আইএজি দীর্ঘদিন ধরেই ইজিজেট অধিগ্রহণে সম্ভাব্য আগ্রহী হিসেবে আলোচনায় রয়েছে। তবে ইউরোপীয় প্রতিযোগিতা আইনের কারণে এমন কোনো চুক্তি বাস্তবায়ন জটিল হতে পারে। বর্তমানে ক্যাসললেকের প্রস্তাবই ইজিজেটকে ঘিরে সবচেয়ে আলোচিত অধিগ্রহণ প্রচেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে।
