জাকার্তায় ওমরাহ ফ্লাইটের ১০ এয়ারলাইনস স্থানান্তর টার্মিনাল ২এফ-এ

ইন্দোনেশিয়ার জাকার্তার সুকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে ওমরাহ যাত্রীদের সেবা আরও উন্নত করতে ১০টি এয়ারলাইনসের ওমরাহ ফ্লাইট টার্মিনাল ২এফ-এ স্থানান্তর করা হয়েছে।

ইন্দোনেশিয়ার জাকার্তার সুকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে ওমরাহ যাত্রীদের সেবা আরও উন্নত করতে ১০টি এয়ারলাইনসের ওমরাহ ফ্লাইট টার্মিনাল ২এফ-এ স্থানান্তর করা হয়েছে। নতুন এই টার্মিনালটি বিশেষভাবে হজ ও ওমরাহ যাত্রীদের জন্য নির্ধারিত, যেখানে যাত্রীদের জন্য আলাদা ও উন্নত সুবিধা রাখা হয়েছে।

স্থানান্তরিত এয়ারলাইনসগুলোর মধ্যে রয়েছে লুং এয়ার, হাইনান এয়ারলাইন্স, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স, স্কুট, টার্কিশ এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, ইজিপ্টএয়ার, ওমান এয়ার, এমিরেটস এবং ইতিহাদ এয়ারওয়েজ। এসব সংস্থার গ্রুপভিত্তিক ওমরাহ ফ্লাইট এখন থেকে টার্মিনাল ২এফ থেকেই পরিচালিত হবে।

সুকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের মহাব্যবস্থাপক হেরু কারিয়াদি জানান, ১ থেকে ১০ জুলাই ধাপে ধাপে এই স্থানান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা, এয়ারলাইনস, গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠান, ওমরাহ ট্রাভেল এজেন্সি এবং বিমানবন্দরের সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় পুরো প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।

স্থানান্তরকালীন সময়ে বিমানবন্দরে মোট ১১৮টি ফ্লাইট পরিচালিত হয়, যার মধ্যে ৫৯টি আগমন এবং ৫৯টি প্রস্থান ফ্লাইট ছিল। এ সময়ে মোট ৪০ হাজার ৬৪২ জন যাত্রী সেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ২০ হাজার ৩৩৫ জন ছিলেন ওমরাহ যাত্রী, যা মোট যাত্রীর প্রায় অর্ধেক।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন টার্মিনালটির আয়তন ২৭ হাজার ৪১৮ বর্গমিটার। এখানে ৩ হাজার মানুষের ধারণক্ষমতাসম্পন্ন অপেক্ষাকক্ষ এবং প্রায় ১ হাজার মুসল্লির জন্য ৩ হাজার ১৩৬ বর্গমিটারের একটি মসজিদ রয়েছে। এছাড়া ওমরাহ যাত্রীদের জন্য পৃথকভাবে ২০টি চেক-ইন কাউন্টার স্থাপন করা হয়েছে, যাতে সাধারণ যাত্রীদের ভিড় ছাড়াই দ্রুত চেক-ইন ও ব্যাগেজ জমা দেওয়া সম্ভব হয়।

এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে ইন্দোনেশিয়ার বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর ও হজ-ওমরাহ বিষয়ক কর্তৃপক্ষের জারি করা নির্দেশনার আলোকে। বিমানবন্দর কর্তৃপক্ষ আশা করছে, নতুন টার্মিনাল ও উন্নত সেবার ফলে ওমরাহ যাত্রীদের ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যময় ও সুশৃঙ্খল হবে।

সংশ্লিষ্টদের মতে, বিশেষায়িত টার্মিনাল চালুর মাধ্যমে বিপুলসংখ্যক ধর্মীয় যাত্রীর জন্য পৃথক ও মানসম্মত সেবা নিশ্চিত করার ক্ষেত্রে সুকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN