নতুন ‘এসপিএ’ লিভারি উন্মোচন করল সান ফু কুওক এয়ারওয়েজ

ভিয়েতনামের সান ফু কুওক এয়ারওয়েজ বৈশ্বিক সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে নতুন ব্র্যান্ড পরিচিতি ‘এসপিএ’ (SPA) লিভারি উন্মোচন করেছে।

ভিয়েতনামের সান ফু কুওক এয়ারওয়েজ বৈশ্বিক সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে নতুন ব্র্যান্ড পরিচিতি ‘এসপিএ’ (SPA) লিভারি উন্মোচন করেছে। ১৩ জুলাই নোই বাই আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারলাইনসটির নতুন এয়ারবাস এ৩২১নিও (নিবন্ধন নম্বর ভিএন-এ৯২১) পৌঁছানোর মধ্য দিয়ে এই নতুন পরিচয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

নতুন উড়োজাহাজটি যুক্ত হওয়ায় সান ফু কুওক এয়ারওয়েজের বহরের আকার বেড়ে দাঁড়িয়েছে ১৩টিতে। ১৪ জুলাই থেকে বিমানটি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করবে। এখন থেকে বহরে যুক্ত হওয়া সব নতুন উড়োজাহাজ এই নতুন লিভারিই বহন করবে এবং পর্যায়ক্রমে বিদ্যমান বহরেও একই নকশা প্রয়োগ করা হবে।

এয়ারলাইনসটির ঐতিহ্যবাহী সূর্যমুখী প্রতীক বহাল থাকলেও ‘সান ফু কুওক’ নামের পরিবর্তে এখন থেকে ‘SPA’ সংক্ষিপ্ত রূপটিই প্রধান পরিচয় হিসেবে ব্যবহৃত হবে। নতুন লোগোর ‘এ’ অক্ষরটি সূর্যমুখীর পাপড়ির আদলে নকশা করা হয়েছে, যা ঊর্ধ্বমুখী অগ্রযাত্রা, উদ্ভাবন ও ভবিষ্যৎ সম্প্রসারণের প্রতীক।

এয়ারলাইনসটির ভাষ্য অনুযায়ী, ‘SPA’ শুধু একটি ব্র্যান্ড নাম নয়; এটি তাদের ‘রিসোর্ট ইন দ্য স্কাই’ বা আকাশে রিসোর্ট অভিজ্ঞতার দর্শনকেও তুলে ধরে। যাত্রীদের জন্য প্রতিটি ফ্লাইটকে আরাম, প্রশান্তি ও সুস্থতার অভিজ্ঞতায় রূপ দিতে কেবিন নকশা, সুগন্ধ, আসন বিন্যাস, বিনোদন ব্যবস্থা এবং খাবার পরিবেশনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

২০২৫ সালের নভেম্বরে বাণিজ্যিক কার্যক্রম শুরু করার পর থেকে সান ফু কুওক এয়ারওয়েজ দ্রুত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে। বর্তমানে তাইপে, সিউল, হংকং, সিঙ্গাপুর ও ব্যাংককের পাশাপাশি মালয়েশিয়া, জাপান, ভারত, রাশিয়া ও কাজাখস্তানে কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এয়ারলাইনসটি ২০২৬ সালের শেষ নাগাদ তাদের ন্যারোবডি উড়োজাহাজে বিজনেস ক্লাস চালু এবং সেপ্টেম্বরে ওয়াইডবডি এয়ারবাস এ৩৩০ বহরে যুক্ত করার পরিকল্পনা করেছে। লক্ষ্য একটাই—সমগ্র নেটওয়ার্কে অভিন্ন পাঁচতারকা সেবা নিশ্চিত করা।

নতুন ‘এসপিএ’ লিভারি তাই কেবল বাহ্যিক পরিবর্তন নয়; এটি সান ফু কুওক এয়ারওয়েজের উচ্চাভিলাষী ভবিষ্যৎ পরিকল্পনা, আন্তর্জাতিক পরিচিতি এবং বিশ্বমানের এয়ারলাইন হয়ে ওঠার অভিযাত্রার প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.