ফ্লাইট কমলেও এ৩৮০ থেকে সরে যাচ্ছে না এমিরেটস
এমিরেটস চলতি জুলাইয়ে তাদের এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজের ফ্লাইট সংখ্যা সাময়িকভাবে কমালেও বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী এই উড়োজাহাজের প্রতি সংস্থাটির আস্থা অটুট রয়েছে।
এমিরেটস চলতি জুলাইয়ে তাদের এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজের ফ্লাইট সংখ্যা সাময়িকভাবে কমালেও বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী এই উড়োজাহাজের প্রতি সংস্থাটির আস্থা অটুট রয়েছে। বিমান বিশ্লেষকদের মতে, ফ্লাইট কমানোর এই সিদ্ধান্ত এ৩৮০ অবসরের ইঙ্গিত নয়; বরং এটি বহরে থাকা উড়োজাহাজগুলোর সংস্কার, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং বোয়িংয়ের নতুন উড়োজাহাজ সরবরাহে বিলম্বের ফল।
বিমান চলাচলবিষয়ক তথ্যপ্রদানকারী প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় জুলাই মাসে এমিরেটস প্রায় ১৬ শতাংশ কম এ৩৮০ ফ্লাইট পরিচালনা করছে। অস্ট্রেলিয়া ও আশপাশের অঞ্চলে এ৩৮০ পরিচালনা সবচেয়ে বেশি কমেছে, আর ইউরোপমুখী ফ্লাইটেও উল্লেখযোগ্য হ্রাস দেখা গেছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এ পরিবর্তন সাময়িক। এমিরেটস বর্তমানে কয়েকশ কোটি ডলারের একটি আধুনিকায়ন কর্মসূচির আওতায় তাদের এ৩৮০ বহরকে নতুনভাবে সাজাচ্ছে। ইতোমধ্যে ৪২টি এ৩৮০ উড়োজাহাজের সংস্কার সম্পন্ন হয়েছে এবং ২০২৬ সালের শেষ নাগাদ প্রায় ১১০টি এ৩৮০ সক্রিয় বহরে রাখার পরিকল্পনা রয়েছে।
চলতি বছর প্রায় ৩০টি এ৩৮০ একযোগে সংস্কার, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও আঞ্চলিক পরিস্থিতিজনিত কারণে সাময়িকভাবে পরিষেবার বাইরে রয়েছে। একই সঙ্গে বোয়িং ৭৭৭এক্স উড়োজাহাজ সরবরাহে দীর্ঘ বিলম্ব হওয়ায় এমিরেটসকে এ৩৮০ বহরের ওপর আরও বেশি নির্ভর করতে হচ্ছে।
সম্প্রতি এমিরেটস ঘোষণা দিয়েছে, আগামী ২৫ অক্টোবর থেকে দিল্লি রুটে এ৩৮০ পরিচালনা শুরু হবে। এর মাধ্যমে ভারতে এ৩৮০ সেবার আওতায় থাকা শহরের সংখ্যা আরও বাড়বে।
গত জুনে এয়ারবাস এ৩৮০-এর ডানার একটি গুরুত্বপূর্ণ অংশে ফাটল শনাক্ত হওয়ার পর ১৬টি উড়োজাহাজে বিশেষ পরিদর্শন চালানো হয়, যার মধ্যে ১৫টিই ছিল এমিরেটসের। এ বিষয়ে তদন্ত এখনও চলছে।
বিশ্বব্যাপী এ৩৮০কে প্রকৌশলগত বিস্ময় হিসেবে বিবেচনা করা হলেও বাণিজ্যিকভাবে এটি প্রত্যাশিত সাফল্য পায়নি। ২০০০ সালে কর্মসূচি শুরুর সময় এয়ারবাস ১,২০০টির বেশি উড়োজাহাজ বিক্রির আশা করেছিল, কিন্তু উৎপাদন বন্ধ হওয়ার আগে মোট সরবরাহ হয় মাত্র ২৫১টি।
তবু এমিরেটস ব্যতিক্রম। সংস্থাটি একাই ১২৩টি এ৩৮০ অর্ডার করে এবং দুবাইকেন্দ্রিক হাবভিত্তিক ব্যবসায়িক মডেল গড়ে তোলে। বিশ্লেষকদের মতে, বর্তমানে এ৩৮০-এর সমমানের কোনো বিকল্প উড়োজাহাজ নেই। ফলে আগামী আরও বহু বছর এমিরেটসের আকাশে এই সুপারজাম্বোই প্রধান আকর্ষণ হয়ে থাকবে।
