পাওয়ার ব্যাংক বহনে কঠোর হচ্ছে এয়ারলাইনস

বিশ্বজুড়ে গ্রীষ্মকালীন ভ্রমণের মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যাত্রী নিরাপত্তা জোরদারে পাওয়ার ব্যাংক বহন ও ব্যবহারের নিয়ম আরও কঠোর করছে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনস।

বিশ্বজুড়ে গ্রীষ্মকালীন ভ্রমণের মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যাত্রী নিরাপত্তা জোরদারে পাওয়ার ব্যাংক বহন ও ব্যবহারের নিয়ম আরও কঠোর করছে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনস। লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে আগুন লাগার ঝুঁকি বাড়তে থাকায় নতুন এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) এবং বিভিন্ন বিমান সংস্থা যাত্রীদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

আইকাওর নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী সর্বোচ্চ দুটি পাওয়ার ব্যাংক বহন করতে পারবেন এবং সেগুলো অবশ্যই হ্যান্ড ব্যাগেজে (ক্যারি-অন ব্যাগ) রাখতে হবে। কোনো অবস্থাতেই পাওয়ার ব্যাংক বা অতিরিক্ত লিথিয়াম ব্যাটারি চেকড ব্যাগেজে রাখা যাবে না। এছাড়া উড়োজাহাজে বসে পাওয়ার ব্যাংক চার্জ দেওয়া বা সেটি দিয়ে অন্য কোনো ডিভাইস চার্জ করাও নিরুৎসাহিত করা হয়েছে।

ইতোমধ্যে বিশ্বের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি বিমান সংস্থা—এমিরেটস, সিঙ্গাপুর এয়ারলাইন্স, ক্যাথে প্যাসিফিক এবং ক্যান্টাস—ফ্লাইট চলাকালে পাওয়ার ব্যাংক ব্যবহার বা চার্জ দেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাগুলো।

বিশেষজ্ঞদের মতে, লিথিয়াম-আয়ন ব্যাটারি ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ হলে অতিরিক্ত তাপ উৎপন্ন করতে পারে, যা থেকে আগুন লাগার ঝুঁকি থাকে। পাওয়ার ব্যাংকের পাশাপাশি ল্যাপটপ, মোবাইল ফোন, অতিরিক্ত ব্যাটারি এবং ই-সিগারেটেও একই ধরনের ব্যাটারি ব্যবহৃত হয়। এসব ডিভাইস যদি বিমানের কার্গো হোল্ডে আগুনের সূত্রপাত ঘটায়, তাহলে তা দ্রুত শনাক্ত করা কঠিন হতে পারে এবং বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

অন্যদিকে, কেবিনে কোনো ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে ধোঁয়া বা আগুন সৃষ্টি করলে কেবিন ক্রুরা দ্রুত ব্যবস্থা নিতে পারেন। এ কারণেই আন্তর্জাতিক নিরাপত্তা নির্দেশনা অনুযায়ী এসব ডিভাইস যাত্রীর সঙ্গে কেবিনেই বহনের পরামর্শ দেওয়া হয়।

যাত্রীদের জন্য বিশেষ পরামর্শ হলো—পাওয়ার ব্যাংক, অতিরিক্ত লিথিয়াম ব্যাটারি ও ই-সিগারেট সব সময় ক্যারি-অন ব্যাগে রাখুন এবং ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের ব্যাটারি বহন ও ব্যবহারের নীতিমালা জেনে নিন। প্রয়োজনে ল্যাপটপ চেকড ব্যাগেজে রাখা হলেও সেটি সম্পূর্ণ বন্ধ (Switch Off) থাকতে হবে। তবে নিরাপত্তার স্বার্থে সেটিও কেবিনে বহন করাই সবচেয়ে ভালো।

 

এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, লিথিয়াম ব্যাটারিজনিত অগ্নিঝুঁকি মোকাবিলায় যাত্রীদের সচেতনতা এবং এয়ারলাইনসের নিরাপত্তা নির্দেশনা মেনে চলাই নিরাপদ বিমান ভ্রমণ নিশ্চিত করার সবচেয়ে কার্যকর উপায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN