ব্যাংকক রুটে দৈনিক দুই ফ্লাইট চালু করছে ফ্লাইদুবাই
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এয়ারলাইন ফ্লাইদুবাই যাত্রী চাহিদা বৃদ্ধির কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক রুটে দৈনিক ফ্লাইট সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এয়ারলাইন ফ্লাইদুবাই যাত্রী চাহিদা বৃদ্ধির কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক রুটে দৈনিক ফ্লাইট সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে। আগামী ১৮ জুলাই থেকে দুবাই-ব্যাংকক রুটে দ্বিতীয় দৈনিক ফ্লাইট চালু হবে। এর ফলে গ্রীষ্মকালীন ভ্রমণের ব্যস্ত মৌসুমে যাত্রীরা আরও বেশি ফ্লাইট বিকল্প এবং উন্নত সংযোগ সুবিধা পাবেন।
ফ্লাইদুবাই জানায়, চলতি বছরের ১ জুলাই থেকে ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর (DMK)-এ প্রতিদিনের ফ্লাইট পরিচালনা শুরু করে এয়ারলাইনটি। নতুন এই রুট চালুর পর থেকেই যাত্রীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। সেই বাড়তি চাহিদা মেটাতেই মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দৈনিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন গন্তব্য ক্রাবি রুটেও ফ্লাইট সংখ্যা বাড়ানো হয়েছে। আগে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালিত হলেও এখন থেকে প্রতিদিন ফ্লাইট চলবে। ব্যাংকক ও ক্রাবি মিলিয়ে ফ্লাইদুবাই এখন থাইল্যান্ডে সপ্তাহে সর্বোচ্চ ২১টি ফ্লাইট পরিচালনা করবে, যা দেশটিতে এয়ারলাইনটির উপস্থিতি আরও শক্তিশালী করবে।
ফ্লাইদুবাইয়ের ডিভিশনাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (কমার্শিয়াল অপারেশনস) সুধীর শ্রীধরন বলেন, ব্যাংকককে নতুন গন্তব্য হিসেবে যুক্ত করার পর খুব অল্প সময়ের মধ্যেই এই রুটে যাত্রী চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই দ্বিতীয় দৈনিক ফ্লাইট চালুর মাধ্যমে যাত্রীদের আরও নমনীয় ভ্রমণ পরিকল্পনার সুযোগ দেওয়া হচ্ছে। তিনি বলেন, ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর ব্যাংককের কেন্দ্রীয় এলাকার খুব কাছাকাছি হওয়ায় এটি পর্যটক ও ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য একটি সুবিধাজনক গন্তব্য। নতুন ফ্লাইট চালুর মাধ্যমে দুবাইকে আন্তর্জাতিক বিমান চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ হাব হিসেবে আরও শক্তিশালী করার লক্ষ্যও পূরণ হবে।
ব্যাংককের পাশাপাশি ফ্লাইদুবাই সম্প্রতি লিবিয়ার বেনগাজি রুটে ফ্লাইট চালু করেছে। এছাড়া ২০ জুলাই থেকে সিরিয়ার আলেপ্পো এবং ২৩ সেপ্টেম্বর থেকে নেপালের পোখারা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।
এদিকে, কেবিন আধুনিকায়নের কাজ শেষ হওয়ার পর ফ্লাইদুবাইয়ের বোয়িং ৭৩৭ বহরে যাত্রীসেবার মানও উন্নত করা হয়েছে। বিজনেস ক্লাসে যুক্ত হয়েছে সম্পূর্ণ শোয়ার উপযোগী লাই-ফ্ল্যাট সিট, আর ইকোনমি ক্লাসে রয়েছে নতুন আরামদায়ক আসন। এছাড়া যাত্রীদের জন্য উন্নত মানের খাবার, হালকা নাশতা, পানীয় এবং দীর্ঘ সময়ের ইন-ফ্লাইট বিনোদনের ব্যবস্থাও রাখা হয়েছে।
নতুন ফ্লাইটগুলো ফ্লাইদুবাই ও এমিরেটসের কোডশেয়ার অংশীদারত্বের আওতায় পরিচালিত হবে। ফলে যাত্রীরা একটি টিকিটেই সংযুক্ত ভ্রমণ, লাগেজের থ্রু চেক-ইন এবং বিশ্বের ২৪০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ সুবিধা পাবেন।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ থেকে ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালিত হবে। ফ্লাইদুবাই আশা করছে, এই সম্প্রসারণ থাইল্যান্ডগামী পর্যটন ও ব্যবসায়িক ভ্রমণ আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।