এমিরেটস গ্রুপে ১০০টির বেশি পদে নিয়োগ

দুবাইভিত্তিক বিমান ও করপোরেট প্রতিষ্ঠান এমিরেটস গ্রুপে ১০০টির বেশি পদে নতুন করে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

দুবাইভিত্তিক বিমান ও করপোরেট প্রতিষ্ঠান এমিরেটস গ্রুপে ১০০টির বেশি পদে নতুন করে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। অভিজ্ঞ পেশাজীবীদের পাশাপাশি ক্যারিয়ারের শুরুতে থাকা প্রার্থীদেরও এসব পদে আবেদন করার সুযোগ রয়েছে। তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, বিমানবন্দর পরিচালনা, লজিস্টিকস, মানবসম্পদ ও গ্রাহকসেবা—বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কর্মী নিয়োগ করবে প্রতিষ্ঠানটি।

এভিয়েশন বিজনেস এমই-এর প্রতিবেদনে বলা হয়েছে, এমিরেটস গ্রুপের বিমান চলাচল ও করপোরেট ব্যবসার বিভিন্ন শাখায় বর্তমানে শতাধিক চাকরির সুযোগ রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এসব পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা এমিরেটস গ্রুপের অফিসিয়াল ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নতুন নিয়োগ কার্যক্রমের মাধ্যমে অভিজ্ঞ কর্মীদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে আগ্রহী নতুন প্রার্থীদেরও সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে প্রতিষ্ঠানটি সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের নিয়োগ ও দক্ষতা উন্নয়নের ওপরও বিশেষ গুরুত্ব দিচ্ছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, এমিরেটস গ্রুপের বিভিন্ন বিভাগে ভিন্ন ভিন্ন যোগ্যতা ও অভিজ্ঞতার প্রার্থীদের জন্য পদ খোলা রয়েছে। এর মধ্যে তথ্যপ্রযুক্তি বা আইটি বিভাগে সফটওয়্যার, প্রযুক্তি ও ডিজিটাল কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পদ রয়েছে। প্রকৌশল ও রক্ষণাবেক্ষণ বিভাগেও দক্ষ জনবলের প্রয়োজন রয়েছে।

এ ছাড়া বিমানবন্দর পরিচালনা, লজিস্টিকস, মানবসম্পদ এবং গ্রাহকসেবা বিভাগে কর্মী নিয়োগ করা হবে। বিমানবন্দর পরিচালনার মতো গুরুত্বপূর্ণ বিভাগে নিয়োগের মাধ্যমে যাত্রীসেবা ও দৈনন্দিন ফ্লাইট কার্যক্রম আরও কার্যকর রাখার পাশাপাশি লজিস্টিকস বিভাগে সরবরাহ ও অপারেশন ব্যবস্থাপনাকে শক্তিশালী করার সুযোগ তৈরি হবে।

নিয়োগপ্রাপ্ত কর্মীদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পদ, দায়িত্ব এবং অভিজ্ঞতার ওপর নির্ভর করবে। বিভিন্ন পদের জন্য দেওয়া সুবিধার মধ্যে রয়েছে করমুক্ত বেতন, কোম্পানির পক্ষ থেকে সজ্জিত আবাসন অথবা আবাসন ভাতা, চিকিৎসা বিমা এবং বছরে বিমান টিকিটের সুবিধা।

এ ছাড়া কর্মী ও তাদের পরিবারের সদস্যদের জন্য ভ্রমণসংক্রান্ত বিভিন্ন ছাড়ও পাওয়া যাবে। ফলে শুধু বেতন নয়, সামগ্রিক কর্মী-সুবিধার দিক থেকেও এমিরেটস গ্রুপের চাকরিগুলো আকর্ষণীয় হতে পারে।

এমিরেটস গ্রুপ দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক বিমান পরিবহন খাতের অন্যতম বড় নিয়োগদাতা হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানটির বিমান চলাচল, বিমানবন্দর সেবা, কার্গো, পর্যটন এবং করপোরেট কার্যক্রমের বিস্তৃত পরিসর রয়েছে। এসব কার্যক্রম পরিচালনায় দক্ষ জনবলের প্রয়োজন হওয়ায় নিয়মিতভাবে বিভিন্ন বিভাগে নিয়োগ দেওয়া হয়।

নতুন এই নিয়োগ কার্যক্রমের মাধ্যমে দুবাইয়ের এভিয়েশন ও করপোরেট খাতে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট পদগুলোর যোগ্যতা, দায়িত্ব, আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য শর্ত এমিরেটস গ্রুপের ক্যারিয়ার পোর্টালে প্রকাশ করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN