ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটে জরুরি সংকেত, ফিরল লন্ডনে
লন্ডন থেকে যুক্তরাষ্ট্রের শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি যাত্রীবাহী উড়োজাহাজ আয়ারল্যান্ডের আকাশসীমায় আকস্মিক জরুরি পরিস্থিতির সংকেত পাঠিয়ে দ্রুত নিচে নেমে এসেছে।
লন্ডন থেকে যুক্তরাষ্ট্রের শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি যাত্রীবাহী উড়োজাহাজ আয়ারল্যান্ডের আকাশসীমায় আকস্মিক জরুরি পরিস্থিতির সংকেত পাঠিয়ে দ্রুত নিচে নেমে এসেছে। পরে উড়োজাহাজটি দিক পরিবর্তন করে যুক্তরাজ্যের লন্ডনে ফিরে যায়। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ব্রিটিশ এয়ারওয়েজের বিএ২৯৫ ফ্লাইটটি আয়ারল্যান্ডের আকাশসীমার ওপর দিয়ে যাওয়ার সময় আন্তর্জাতিক জরুরি সংকেত ‘স্কোয়াক ৭৭০০’ সম্প্রচার করে। আকাশপথে উড়োজাহাজে গুরুতর কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে এই সংকেত ব্যবহার করা হয়। সংকেত পাওয়ার পর উড়োজাহাজটির গতিপথ ও উচ্চতায় দ্রুত পরিবর্তন দেখা যায়।
ফ্লাইট ট্র্যাকিং তথ্য বলছে, উড়োজাহাজটি স্বাভাবিক উচ্চতা থেকে দ্রুত নিচে নেমে আসে। কয়েক মিনিটের মধ্যে এর উচ্চতা উল্লেখযোগ্যভাবে কমে যায়। এরপর উড়োজাহাজটি শিকাগোর পরিবর্তে লন্ডনের দিকে ফিরে যায়। তবে জরুরি পরিস্থিতির সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ব্রিটিশ এয়ারওয়েজের এই ঘটনার খবর এমন এক সময় এলো, যখন কয়েক দিন আগেই মাঝ আকাশে ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে ভয়াবহ ঘটনা ঘটেছিল। গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইট জরুরি সংকেত পাঠিয়ে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ওই উড়োজাহাজটি মাত্র দুই মিনিটেরও কম সময়ে প্রায় ১৭ হাজার ৪০০ ফুট নিচে নেমে এসেছিল। পরে জানা যায়, উড়োজাহাজটির ওমানি নাগরিক সহকারী পাইলট ককপিটে থাকা জরুরি ব্যবহারের বিশেষ কুড়াল দিয়ে প্রধান পাইলটের ওপর হামলা করেন এবং উড়োজাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন।
পরিস্থিতি সামাল দিতে প্রধান পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছার সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন। যাত্রীদের সহায়তায় হামলাকারীকে নিয়ন্ত্রণে আনা হয়। পরে ১৭৪ জন যাত্রী ও ক্রু বহনকারী বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজটি সৌদি আরবের তাবুকের প্রিন্স সুলতান বিন আবদেল আজিজ বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
ফ্লাইদুবাইয়ের ওই ঘটনার পর এবার ব্রিটিশ এয়ারওয়েজের উড়োজাহাজে জরুরি সংকেত এবং দ্রুত উচ্চতা কমিয়ে লন্ডনে ফিরে যাওয়ার ঘটনায় নতুন করে বিমানযাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিএ২৯৫ ফ্লাইটের জরুরি পরিস্থিতির প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত তথ্যের অপেক্ষা করা হচ্ছে।