পশ্চিমবঙ্গে হচ্ছে আরও ৪টি নতুন বিমানবন্দর

পশ্চিমবঙ্গে আগামী দুই বছরের মধ্যে আরও চারটি বিমানবন্দর থেকে যাত্রীবাহী ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গে আগামী দুই বছরের মধ্যে আরও চারটি বিমানবন্দর থেকে যাত্রীবাহী ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সোমবার কেন্দ্রীয় বিমান মন্ত্রণালয় ও রাজ্য পরিবহণ দপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। কলকাতার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে কেন্দ্রীয় বিমানমন্ত্রী কিনজারাপ্পু রামমোহন নায়ডু এ পরিকল্পনার কথা জানান।

পরিকল্পনা অনুযায়ী, পুরুলিয়ার ছড়রা, বালুরঘাট এবং ভারতীয় বিমানবাহিনীর অধীনে থাকা পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা ও আলিপুরদুয়ারের হাসিমারা থেকে আগামী দুই বছরের মধ্যে যাত্রীবাহী ফ্লাইট চলাচল শুরু হতে পারে। এর ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের বিমান যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

কেন্দ্রীয় বিমানমন্ত্রী বলেন, গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে নতুন বিমানবন্দরের সংখ্যা তেমন বাড়েনি। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিমান যোগাযোগ সম্প্রসারণের কাজ দ্রুত এগোচ্ছে। রাজ্য সরকারও বিমানবন্দরগুলোর অবকাঠামো উন্নয়নে জমি হস্তান্তরসহ বিভিন্ন সহযোগিতা করছে।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসিমারা ও কলাইকুন্ডায় বর্তমানে বিমানবাহিনীর উড়োজাহাজ নিয়মিত ওঠানামা করে। এসব বিমানঘাঁটির রানওয়েতে বোয়িং ও এয়ারবাসের মতো বড় উড়োজাহাজ ওঠানামার সক্ষমতা রয়েছে। যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার জন্য সেখানে টার্মিনাল ভবন ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। এ জন্য হাসিমারায় ২৫ একর এবং কলাইকুন্ডায় ৩৭ একর জমি হস্তান্তর করেছে রাজ্য সরকার।

বালুরঘাট বিমানবন্দরে বর্তমানে ছোট উড়োজাহাজ ওঠানামা করতে পারে। সেখানে অবকাঠামো আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে পুরুলিয়ার ছড়রায় নতুন করে বিমানবন্দর নির্মাণ করা হবে।

এদিকে কলকাতা থেকে লন্ডন ও ইউরোপের অন্যান্য শহরে সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একসময় কলকাতা থেকে লন্ডনে সরাসরি ফ্লাইট চললেও পর্যাপ্ত যাত্রী না থাকায় কয়েক বছর আগে তা বন্ধ হয়ে যায়। বর্তমানে কলকাতা থেকে ইউরোপের বিভিন্ন শহরে সরাসরি উড়ানও নেই।

মুখ্যমন্ত্রীর আবেদনের পর কেন্দ্রীয় বিমানমন্ত্রী বলেন, ইউরোপের বিভিন্ন শহরে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে তিনি বিভিন্ন বিমান সংস্থার সঙ্গে আলোচনা করবেন।

কলকাতার বর্তমান বিমানবন্দরের ওপর যাত্রীর চাপ বাড়তে থাকায় শহরের কাছাকাছি একটি দ্বিতীয় বিমানবন্দর তৈরির পরিকল্পনাও রয়েছে। রাজ্য সরকার কল্যাণীতে জমি চিহ্নিত করেছে। সেখানে মাটি পরীক্ষা ও অন্যান্য প্রাথমিক কাজ চলছে।

এ ছাড়া ‘উড়ান ২.০’ প্রকল্পেও পশ্চিমবঙ্গকে যুক্ত করা হয়েছে। এই প্রকল্পের আওতায় বালুরঘাট, হাসিমারাসহ রাজ্যের ছোট বিমানবন্দরগুলো থেকে ফ্লাইট পরিচালনা করলে কেন্দ্রীয় সরকার ভর্তুকি দেবে। এর ফলে বিভিন্ন বিমান সংস্থা ছোট শহরগুলো থেকে নতুন রুটে ফ্লাইট চালাতে আগ্রহী হবে বলে আশা করা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.