দোহা-দাম্মাম ঘুরে ঢাকায় ফিরল বিমানের ফ্লাইট
সৌদি আরবের দাম্মামগামী পথে কাতারের দোহায় জরুরি অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৪৯ ফ্লাইটটি দাম্মাম হয়ে নিরাপদে ঢাকায় ফিরেছে।
সৌদি আরবের দাম্মামগামী পথে কাতারের দোহায় জরুরি অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৪৯ ফ্লাইটটি দাম্মাম হয়ে নিরাপদে ঢাকায় ফিরেছে। সৌদি আরবের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় ফ্লাইটটির গন্তব্য পরিবর্তন করতে হয়। এতে নির্ধারিত সময়ের চেয়ে ৭ ঘণ্টা ৯ মিনিট দেরিতে দেশে পৌঁছান যাত্রীরা।
সোমবার (১২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে যাত্রা শুরু করে বিজি-৩৪৯ ফ্লাইট। যাত্রা শুরুর সময় দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক ছিল। তবে মাঝপথে বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধের ঘোষণা আসায় যাত্রীদের নিরাপত্তা ও ফ্লাইট পরিচালনার স্বার্থে উড়োজাহাজটি কাতারের দোহায় অবতরণ করে।
বাংলাদেশ সময় রোববার রাত ২টা ২৭ মিনিটে দোহা বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। প্রায় তিন ঘণ্টা পর দাম্মাম বিমানবন্দর পুনরায় চালু হলে উড়োজাহাজটি সোমবার সকাল ৭টা ২ মিনিটে সেখানে পৌঁছায়।
এরপর ফিরতি ফ্লাইট বিজি-৩৫০ বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে দাম্মাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। দুপুর ২টা ৫৩ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সব মিলিয়ে নির্ধারিত সময়ের তুলনায় ৭ ঘণ্টা ৯ মিনিট বিলম্বে যাত্রীরা দেশে ফিরেছেন বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
এদিকে, নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা থেকে সোমবার ও মঙ্গলবারের বিজি-৩৪৯ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সৌদি আরবে ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলার পর আঞ্চলিক বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ১০ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনে বিভিন্ন রুটে মোট ৫১টি ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে।
গত ১০ অক্টোবর রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালের ওপর ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ঘটনায় দুই বাংলাদেশিসহ ১৩ জন নিহত এবং ৩০৮ জন আহত হন। পরদিন রোববার বিমানবন্দরটিতে আবারও হামলার ঘটনা ঘটে। এতে এক পাকিস্তানি প্রবাসী নিহত এবং আরও ১১ জন আহত হন।
হুতি গোষ্ঠী জানিয়েছে, তারা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি পূর্ব সৌদি আরবের তেল স্থাপনা ও দাম্মাম বিমানবন্দরেও হামলার দাবি করেছেন। পাশাপাশি মক্কা ও মদিনার বিমানবন্দর ছাড়া সৌদি আরবের অন্যান্য বিমানবন্দর সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
এ পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় সৌদি আরবগামী ফ্লাইটের সময়সূচি ও পরিচালনায় পরিবর্তন আনছে বিভিন্ন বিমান সংস্থা। যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ তথ্য নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে।