ডিজিটাল বিমান চলাচলে এয়ারবাসের নতুন উদ্যোগ

ভিয়েতনামের বিমান চলাচল ও মহাকাশশিল্পের উন্নয়নে সহযোগিতা আরও বাড়াচ্ছে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস।

ভিয়েতনামের বিমান চলাচল ও মহাকাশশিল্পের উন্নয়নে সহযোগিতা আরও বাড়াচ্ছে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। ডিজিটাল বিমান চলাচল প্রযুক্তির উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ভিয়েতনামের তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সংস্থাটি। এর মাধ্যমে দেশটির বিমান পরিবহন খাতের পরিচালন দক্ষতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ মহাকাশশিল্পের জন্য দক্ষ কর্মী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

৪ নভেম্বর হ্যানয়ে অনুষ্ঠিত ভিয়েতনাম অ্যারোস্পেস ফোরামের বিভিন্ন আয়োজনের অংশ হিসেবে সমঝোতা স্মারক দুটি স্বাক্ষরিত হয়। ভিয়েতনামে এয়ারবাসের কার্যক্রমের ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটি এ বছরের ফোরামে কৌশলগত অংশীদার হিসেবে অংশ নেয়।

প্রথম সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে এয়ারবাসের ডিজিটাল সেবা প্রতিষ্ঠান স্কাইওয়াইজ, ভিয়েতনাম এয়ারলাইনস এবং প্রযুক্তি প্রতিষ্ঠান এফপিটির মধ্যে। এর আওতায় উড়োজাহাজের নির্ভরযোগ্যতা, রক্ষণাবেক্ষণ পরিকল্পনা এবং পরিচালনার প্রস্তুতি বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য ব্যবহার নিয়ে গবেষণা করা হবে।

বিশেষ করে ভিয়েতনাম এয়ারলাইনসের ফ্লাইট পরিকল্পনা, উড়োজাহাজের যন্ত্রাংশের প্রাপ্যতা এবং সময়সূচি ব্যবস্থাপনায় স্কাইওয়াইজের তথ্য বিশ্লেষণ প্রযুক্তি কীভাবে কাজে লাগানো যায়, তা খতিয়ে দেখা হবে। এর লক্ষ্য হলো তথ্যের নির্ভুলতা বাড়ানো, আগেভাগে রক্ষণাবেক্ষণের প্রয়োজন শনাক্ত করা এবং উড়োজাহাজ পরিচালনায় সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া। এতে বিমানবহরের ব্যবস্থাপনা আরও কার্যকর হওয়ার পাশাপাশি পরিচালন ব্যয় কমানোর সুযোগ তৈরি হতে পারে।

অন্য সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে এয়ারবাস ও এফপিটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে। দুই বছর মেয়াদি এই কর্মসূচির আওতায় ভিয়েতনামের পরবর্তী প্রজন্মের মহাকাশ ও বিমান চলাচল খাতের পেশাজীবীদের প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মসূচিতে এয়ারবাসে ইন্টার্নশিপ, বিভিন্ন স্থাপনা পরিদর্শন, শিল্পবিষয়ক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং এয়ারবাসের বিশেষজ্ঞদের পরিচালনায় বক্তৃতা ও কর্মশালার সুযোগ থাকবে।

এয়ারবাস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট উটার ভ্যান ওয়ার্শ বলেন, ভিয়েতনামের দ্রুত বর্ধনশীল অর্থনীতি মহাকাশশিল্পের বিকাশে বড় সম্ভাবনা তৈরি করেছে। নতুন সমঝোতা স্মারকগুলো দেশটির সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব আরও শক্তিশালী করবে এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে ভূমিকা রাখবে।

ভিয়েতনামে এয়ারবাসের যাত্রা শুরু হয় ১৯৮৬ সালে। বর্তমানে দেশটির বিভিন্ন বিমান সংস্থা প্রায় ২৩০টি এয়ারবাস উড়োজাহাজ পরিচালনা করছে। আরও ২২০টির বেশি উড়োজাহাজের অর্ডার রয়েছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, যাত্রী ও পণ্য পরিবহনের চাহিদা বাড়ায় আগামী ২০ বছরে ভিয়েতনামের প্রায় এক হাজার নতুন উড়োজাহাজ প্রয়োজন হতে পারে। বাণিজ্যিক বিমান ছাড়াও দেশটির প্রতিরক্ষা ও মহাকাশ খাতে সি২৯৫ পরিবহন বিমান এবং উপগ্রহ উন্নয়ন প্রকল্পে এয়ারবাস সহযোগিতা করছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.