বিশ্বের সেরা এয়ারলাইন সিঙ্গাপুর এয়ারলাইনস

২০২৬ সালের বিজনেস ট্রাভেলার অ্যাওয়ার্ডসে বিশ্বের সেরা এয়ারলাইন নির্বাচিত হয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস।

২০২৬ সালের বিজনেস ট্রাভেলার অ্যাওয়ার্ডসে বিশ্বের সেরা এয়ারলাইন নির্বাচিত হয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস। এ ছাড়া একাধিক বিভাগে পুরস্কার জিতেছে এমিরেটস ও কাতার এয়ারওয়েজ। বৈশ্বিক ভ্রমণশিল্পের বিভিন্ন খাতে সেরা এয়ারলাইন, বিমানবন্দর, হোটেল ও ভ্রমণসেবা প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিতে এ পুরস্কার দেওয়া হয়।

১ নভেম্বর প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবারের আঞ্চলিক বিভাগগুলোর বিজয়ী নির্বাচন করা হয়েছে পাঠকদের ভোটের মাধ্যমে। বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে এতে ৮৫ হাজারের বেশি ভোট জমা পড়ে। অন্যদিকে, বৈশ্বিক বিভাগগুলোর বিজয়ী নির্বাচন করেছেন ভ্রমণশিল্পের বিশেষজ্ঞদের একটি প্যানেল।

বিশ্বের সেরা এয়ারলাইনের স্বীকৃতি পেয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস। এ বিভাগে দ্বিতীয় হয়েছে কাতার এয়ারওয়েজ, তৃতীয় এমিরেটস, চতুর্থ ক্যাথে প্যাসিফিক এবং পঞ্চম তুর্কিশ এয়ারলাইনস। সিঙ্গাপুর এয়ারলাইনস একই সঙ্গে বিশ্বের সেরা বিজনেস ক্লাস, সেরা কেবিন ক্রু এবং সেরা ঘনঘন ভ্রমণকারী যাত্রীদের আনুগত্য কর্মসূচির পুরস্কারও জিতেছে। তাদের ক্রিসফ্লায়ার কর্মসূচি ব্রিটিশ এয়ারওয়েজের এক্সিকিউটিভ ক্লাব, ফ্লাইং ব্লু এবং মাইলস অ্যান্ড মোরকে পেছনে ফেলেছে।

অন্যদিকে, এমিরেটস তিনটি গুরুত্বপূর্ণ কেবিন বিভাগে সেরার স্বীকৃতি পেয়েছে। প্রতিষ্ঠানটি বিশ্বের সেরা ফার্স্ট ক্লাস, প্রিমিয়াম ইকোনমি এবং ইকোনমি ক্লাসের পুরস্কার জিতেছে। পাশাপাশি সেরা এয়ারলাইন ও কেবিন ক্রু বিভাগে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

বিশ্বের সেরা এয়ারলাইন লাউঞ্জ নির্বাচিত হয়েছে দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত কাতার এয়ারওয়েজের আল সাফওয়া ফার্স্ট লাউঞ্জ। এ বিভাগে দ্বিতীয় হয়েছে হংকংয়ের ক্যাথে প্যাসিফিকের দ্য পিয়ার ফার্স্ট ক্লাস লাউঞ্জ। তৃতীয় অবস্থানে রয়েছে দুবাইয়ে এমিরেটসের ফার্স্ট ক্লাস লাউঞ্জ।

বিমানবন্দর বিভাগে বিশ্বের সেরা নির্বাচিত হয়েছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। তালিকায় পরবর্তী অবস্থানে রয়েছে হংকং আন্তর্জাতিক বিমানবন্দর, হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইস্তাম্বুল বিমানবন্দর।

হোটেল খাতে সেরা বিলাসবহুল ব্র্যান্ড নির্বাচিত হয়েছে ফোর সিজনস হোটেলস অ্যান্ড রিসোর্টস। সেরা লাইফস্টাইল হোটেল ব্র্যান্ড হয়েছে এডিশন হোটেলস এবং সেরা ব্যবসায়িক হোটেল ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে ম্যারিয়ট ইন্টারন্যাশনাল। এছাড়া সেরা ভ্যালু হোটেল ব্র্যান্ড হয়েছে মক্সি হোটেলস।

ভ্রমণসেবার ক্ষেত্রে বিশ্বের সেরা গাড়ি ভাড়া প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে সিক্সট। সেরা লাগেজ ব্র্যান্ড হয়েছে স্যামসোনাইট এবং সেরা ভ্রমণ অ্যাপের পুরস্কার পেয়েছে বুকিং ডটকম।

এবারের পুরস্কারের ফলাফলে আন্তর্জাতিক ভ্রমণশিল্পে যাত্রীসেবার মান, আরাম, যোগাযোগব্যবস্থা এবং সেবার মূল্যমানের গুরুত্ব উঠে এসেছে। বিশেষ করে ব্যবসায়িক ভ্রমণকারীদের কাছে উন্নত কেবিন সুবিধা, বিমানবন্দর লাউঞ্জ, মানসম্মত হোটেল এবং সহজে ভ্রমণ বুকিংয়ের সুযোগ যে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তা এই পুরস্কারের ফলাফলে স্পষ্ট হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.