গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ

যাত্রীসেবার মান উন্নয়ন, ফ্লাইটের সময়ানুবর্তিতা নিশ্চিত করা এবং গ্রাউন্ড অপারেশনের সক্ষমতা আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রায় ২ কোটি ২০ লাখ মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

যাত্রীসেবার মান উন্নয়ন, ফ্লাইটের সময়ানুবর্তিতা নিশ্চিত করা এবং গ্রাউন্ড অপারেশনের সক্ষমতা আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রায় ২ কোটি ২০ লাখ মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। এ পরিকল্পনার অংশ হিসেবে ইতিমধ্যে ১ কোটি ২০ লাখ ডলারের ঋণপত্র বা এলসি খোলা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে আধুনিক গ্রাউন্ড সাপোর্ট সরঞ্জাম যুক্ত হওয়ার পাশাপাশি পরিবেশবান্ধব বৈদ্যুতিক যানবাহন চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ইউএস-বাংলা এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিমানবন্দরে গ্রাউন্ড সার্ভিসের দক্ষতা বাড়ানো এবং যাত্রীদের দ্রুত ও উন্নত সেবা দেওয়াই এই বিনিয়োগের মূল লক্ষ্য।

বর্তমানে ইউএস-বাংলার ব্যবস্থাপনায় প্রায় ৫৯০টি গ্রাউন্ড সার্ভিস সরঞ্জাম পরিচালিত হচ্ছে। এর সঙ্গে আগামী তিন থেকে চার মাসের মধ্যে আরও ১৪৬টি আধুনিক সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনা রয়েছে। নতুন সরঞ্জামের মধ্যে থাকছে উড়োজাহাজ ঠেলে সরানোর ট্রাক্টর, লাগেজ ওঠানো-নামানোর বেল্ট লোডার, লাগেজ পরিবহনের ট্রাক্টর, যাত্রী ওঠানামার সিঁড়ি, গ্রাউন্ড পাওয়ার ইউনিট, ক্যাটারিং ট্রাক এবং বিভিন্ন ধরনের র‌্যাম্প সাপোর্ট সরঞ্জাম।

এদিকে গ্রাউন্ড অপারেশনে জ্বালানির ব্যবহার কমানো এবং কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্যেও উদ্যোগ নিয়েছে সংস্থাটি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০টি পরিবেশবান্ধব বৈদ্যুতিক যানবাহন চালুর পরিকল্পনা করা হয়েছে। এসব যানবাহন নিয়মিত পরিচালনার জন্য প্রয়োজনীয় চার্জিং অবকাঠামো স্থাপনের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে। এর মাধ্যমে বিমানবন্দরের অভ্যন্তরীণ পরিবহনব্যবস্থাকে আরও পরিবেশবান্ধব করার লক্ষ্য রয়েছে।

বিনিয়োগ পরিকল্পনার পাশাপাশি উড়োজাহাজের বহর ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণেরও লক্ষ্য নির্ধারণ করেছে ইউএস-বাংলা। বর্তমানে সংস্থাটির বহরে রয়েছে ২৫টি উড়োজাহাজ। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে আরও ২১টি বোয়িং ৭৩৭ সিরিজের উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ফলে ভবিষ্যতে ফ্লাইট পরিচালনার পরিধি আরও বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। এর বাইরে নতুন করে আরও ১৬টি আন্তর্জাতিক রুট চালুর পরিকল্পনা রয়েছে। উড়োজাহাজ ও রুট বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে গ্রাউন্ড হ্যান্ডলিং ও ফ্লাইট পরিচালনার সক্ষমতা বাড়াতে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটে শক্তিশালী আঞ্চলিক কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংস্থাটির মতে, আধুনিক সরঞ্জাম, পরিবেশবান্ধব যানবাহন এবং উন্নত পরিচালনব্যবস্থায় বিনিয়োগের মাধ্যমে যাত্রীসেবার মান ও ফ্লাইট পরিচালনার দক্ষতা বাড়ানো সম্ভব হবে। একই সঙ্গে দেশের বিমান চলাচল খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগেও ভূমিকা রাখতে চায় ইউএস-বাংলা এয়ারলাইনস।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN