প্রবাসীদের দাবি, চালু হোক প্যারিস-ঢাকা ফ্লাইট

ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ ও সময় সাশ্রয়ী করতে প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর দাবি জানিয়েছে সিলেট বিভাগ গণদাবি পরিষদ।

ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ ও সময় সাশ্রয়ী করতে প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর দাবি জানিয়েছে সিলেট বিভাগ গণদাবি পরিষদ। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগের পরিকল্পনা নিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ফ্রান্সের প্যারিসের ওবারভিলিয়ে এলাকার ‘লিগ্যাল এইড’ হলরুমে সংগঠনটির আহ্বায়ক কমিটির এক সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আজাদ মিয়া। পরিচালনা করেন সদস্যসচিব আব্দুল মোমিত (রোমেল)। নয় সদস্যের আহ্বায়ক কমিটির আটজন সদস্য সভায় উপস্থিত ছিলেন।

সভায় প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা, সম্ভাব্য যাত্রীসংখ্যা, পরিচালন ব্যয় এবং রুটটির বাণিজ্যিক কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ধরনের ফ্লাইট চালুর বাস্তবতা যাচাই করতে সম্ভাব্য যাত্রী চাহিদা, আয়-ব্যয়ের হিসাবসহ প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠনটির নেতারা জানান, সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে একটি বাস্তবসম্মত প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে। যাত্রী চাহিদা ও অর্থনৈতিক সম্ভাব্যতা বিবেচনায় সাপ্তাহিক, পাক্ষিক কিংবা মাসিক ফ্লাইট পরিচালনার বিষয়টিও প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হতে পারে।

সভায় বক্তারা বলেন, প্যারিস-ঢাকা সরাসরি বিমান যোগাযোগ চালু হলে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে যাতায়াতকারী অন্যান্য যাত্রীরাও উপকৃত হবেন। এতে ভ্রমণের সময় কমবে, ট্রানজিটের ভোগান্তি এড়ানো যাবে এবং দুই দেশের মধ্যে যাতায়াত আরও সহজ হবে।

এদিকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে প্যারিস-সিলেট সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়টিও আলোচনায় এসেছে। এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, বিমান সংস্থা ও প্রবাসী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করতে চায় সংগঠনটি।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। ফ্রান্সে সংগঠনটিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ১৯০১ সালের ফরাসি সমিতি আইনের আওতায় নিবন্ধনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি গঠনতন্ত্র প্রণয়ন, পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন এবং ডিজিটাল যোগাযোগব্যবস্থা চালুর বিষয়েও সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়। আগামী ২১ নভেম্বর সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া যুক্তরাজ্য, পর্তুগাল ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সংগঠনটির শাখা গঠন এবং কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট দাবি বাস্তবায়নে তথ্যভিত্তিক প্রস্তাব তৈরি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখা হবে। তবে প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সরকারি সিদ্ধান্ত হয়নি। এটি বাস্তবায়নে প্রথমে যাত্রী চাহিদা ও রুটটির বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.