শখের দাম লাখ টাকা। তবে শর্ত একটাই, শখের পেছনে লাখ টাকা বিয়ের আগ পর্যন্তই খরচ করা যাবে। তা না হলে অবস্থা হতে পারে হলিউড অভিনেতা জাস্টিন থেরক্সের মতো। জাস্টিনের ছোটবেলার শখ লেদার জ্যাকেট কেনা ও পরা। কিন্তু জাস্টিনের এই শখ নিয়ে দারুণ বিরক্ত জীবনসঙ্গী জেনিফার অ্যানিস্টন।
ছেলেবেলা থেকেই জাস্টিনের প্রিয় পোশাক বুট, জিনস, টি-শার্ট; সঙ্গে লেদার জ্যাকেট। এই অভিনেতার কাছে কেনাকাটা মানেই নতুন সব জ্যাকেট কেনা। কিন্তু এখন নাকি আর শখের জ্যাকেট রাখার জায়গা নেই জাস্টিন ও জেনিফারের ঘরে। তাই স্ত্রী জেন স্বামীর জ্যাকেট কেনার বাতিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
সম্প্রতি ইয়াহু স্টাইলকে দেওয়া এক সাক্ষাৎকারে জাস্টিন বলেন, ‘যদি আমি আরেকটি লেদার জ্যাকেট বাসায় নিই, তবে স্ত্রী আমাকে মেরেই ফেলবে।’
গত শুক্রবার মুক্তি পেয়েছে জাস্টিনের ছবি দ্য গার্ল অন দ্য ট্রেন। ছবিটির মুক্তি উপলক্ষে ইয়াহু স্টাইলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন জাস্টিন থেরক্স।