চলতি বছর পবিত্র হজ পালন শেষ দেশে ফিরেছেন ৮৫ হাজার ৯৪৯ জন বাংলাদেশি হাজী। সৌদি এয়ার লাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ১২৯টি ফ্লাইটের মাধ্যমে তারা দেশে ফিরে আসেন।
শুক্রবার (১৪ অক্টোবর) মক্কা হজ মিশন সূত্র বাংলানিউজকে বিষয়টি জানিয়েছে।
আগামী ১৭ অক্টোবর শেষ হচ্ছে ফিরতি হজ ফ্লাইট। এ সময়ের মধ্যে সব বাংলাদেশি হাজি দেশে ফিরবেন বলে আশা করছে হজ অফিস।
এদিকে, এ বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরব এসে এ পর্যন্ত (১৪ অক্টোবর) মারা গেছেন ৮৩ বাংলাদেশি। এদের মধ্যে ৬২ জন পুরুষ এবং ২১ জন নারী। মক্কায় ৬২, মদীনায় ১৪, মিনায় ৫ এবং জেদ্দায় মারা গেছেন ২ জন।
এ বছর সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ১ হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজ পালনের উদ্দেশে সৌদি আরব এসেছিলেন।