প্রায়শ্চিত্তের পরিমাণ ৫ কোটি রুপি!

e899eb0f71b63f0ce826d71ec985bd29-a-dil-hমুম্বাইয়ের যেসব সিনেমায় পাকিস্তানি শিল্পী ও কলাকুশলীরা কাজ করেছেন, তাঁদের প্রযোজকদের প্রত্যেককে পাঁচ কোটি রুপি জরিমানা দিতে হবে। সেই অর্থ যাবে সেনাকল্যাণ তহবিলে। এই প্রায়শ্চিত্তের পাশাপাশি সিনেমা নির্মাতাদের কার্যত মুচলেকাও দিতে হলো। তাঁরা বললেন, ভবিষ্যতে আর কোনো দিন পাকিস্তানি অভিনেতা–অভিনেত্রীদের কাজে নেবেন না।
মোটামুটি এভাবে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির সাম্প্রতিক সংকট কাটিয়ে দিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) প্রধান রাজ ঠাকরে। তাঁর দল জানিয়েছিল, পাকিস্তানি শিল্পীদের নিয়ে তৈরি করা সিনেমা মুক্তি দিতে দেওয়া হবে না।
চিত্রনির্মাতা করণ জোহরের সিনেমা অ্যায় দিল হ্যায় মুশকিল নিয়ে গোলমাল শুরু। ভারতের উরিতে আক্রমণের পর এমএনএস জানিয়ে দেয়, যে সিনেমায় পাকিস্তানিদের নেওয়া হয়েছে, তা মুক্তি দিতে দেওয়া হবে না। পাকিস্তানিদের দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশও দেওয়া হয়।
এ নিয়ে বিনোদন দুনিয়া দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। করণ জোহর নিজেও এ ধরনের ফরমানের বিরোধিতা করেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি এমএনএসের সঙ্গে বোঝাপড়ায় আসেন। শনিবার মুম্বাইয়ে মীমাংসা সূত্রের খোঁজ মেলে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনিস ও এমএনএসের প্রধান রাজ ঠাকরের সঙ্গে দেখা করেন করণ জোহর ও প্রযোজক গিল্ডের সভাপতি মুকেশ ভাট। তাঁরা মুচলেকা দেন, ভবিষ্যতে এই ‘ভুল’ আর করবেন না। রাজ ঠাকরেও বিধান দেন, ছবির প্রযোজকদের পাঁচ কোটি রুপি দিতে হবে সেনাকল্যাণ তহবিলে।
রণবীর কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন, আনুশকা শর্মা ও পাকিস্তানি শিল্পী ফাওয়াদ খানকে নিয়ে তৈরি অ্যায় দিল হ্যায় মুশকিল। শাহরুখ খানের পরবর্তী সিনেমা রইস ও ডিয়ার জিন্দেগিতেও পাকিস্তানি শিল্পীরা রয়েছেন। রাজ ঠাকরে জানিয়েছেন, প্রায়শ্চিত্ত শাহরুখকেও করতে হবে। তা ছাড়া, সিনেমার শুরুতেই ভারতীয় জওয়ানদের উদ্দেশে শ্রদ্ধা জানাতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.