১৬ দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে কক্সবাজারে আজ বুধবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্যাসিফিক এশিয়া ট্যুরিজম অ্যাসোসিয়েশন (পাটা) সম্মেলন। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে কক্সবাজারের পর্যটনকে বিশ্বব্যাপী প্রচার ও প্রসারের জন্য তিন দিনের এ সম্মেলনের আয়োজন করা হয়েছে ইনানী সৈকতের তারকামান হোটেল রয়েল টিউলিপে।
পাটার সম্মেলন উপলক্ষে গতকাল মঙ্গলবার কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক ভুবন চন্দ্র বিশ্বাস জানান, সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২১ নভেম্বর থেকে বিদেশি প্রতিনিধিরা কক্সবাজারে আসা শুরু করেছেন। ১৬ দেশের ৪৬ প্রতিনিধি এবং বাংলাদেশের পর্যটন শিল্পের সঙ্গে জড়িত এমন ব্যক্তিসহ শতাধিক ছাত্র এ সম্মেলনে অংশ নেবেন। তিনি আশা প্রকাশ করেন সম্মেলন সফলভাবে সম্পন্ন হলে বিশ্বে বাংলাদেশের পর্যটনের ব্যাপক প্রসার হবে। এতে লাভবান হবে বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে তিন দিনের কর্মসূচি সম্পর্কে জানানো হয়, ২৩ নভেম্বর প্রতিনিধিদের নিবন্ধন, পরে সমুদ্র সৈকত এবং মার্কেট পরিদর্শন। ২৪ নভেম্বর দুই গ্রুপে বিভক্ত হয়ে কক্সবাজারের বিভিন্ন আকর্ষণীয় পর্যটন স্পট ও পর্যটন মার্কেটে ইভেন্ট এবং টেকনিক্যাল ভ্রমণ করবেন প্রতিনিধিরা। ভ্রমণ শেষে সন্ধ্যা ৬টায় প্রেস বিফ্রিং করবেন পাটার প্রতিনিধি কর্মকর্তারা। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৫ নভেম্বর পাটার ৫টি সেশনে প্রতিনিধিদের আলোচনা সভা এবং সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পাটা সম্মেলনের সমাপ্তি ঘটবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি আবদুর রহমান ও পাটার ডেপুটি ম্যানেজার আকতার আহমদ।