সেন্সরে যাচ্ছে বিউটি সার্কাস

সেন্সরে যাচ্ছে বিউটি সার্কাস।

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ ছবিটি মার্চের শেষ প্রান্তে সেন্সরে যাচ্ছে। সম্প্রতি এমন তথ্য জানিয়েছেন ছবির পরিচালক।
সার্কাসকে কেন্দ্র করে এক নারীর টিকে থাকার গল্প নিয়ে তৈরি করা হয়েছে এ ছবিটি। সার্কাস আক্রান্ত হওয়ার পরও গণমানুষের পক্ষ নিয়ে হুমকির মুখেও একজন নারীর আপন শক্তিতে টিকে থাকার গল্প ফুটে উঠবে এ ছবিতে। নাম ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান।
এ ছবিতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘নওগাঁ এবং মানিকগঞ্জের গ্রামাঞ্চলে এ ছবির শুটিং করেছি দুই বছর আগে। এ ছবির গল্প বেশ চমৎকার। একজন নারীর যে নানা প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, তা আমার চরিত্রের মধ্যে দিয়ে ফুটে উঠবে। ছবিটির মুক্তি নিয়ে আমিও অপেক্ষায় আছি। শুনেছি, এরই মধ্যে ছবিটি সেন্সরে দেয়ার জন্য প্রস্তুত হয়েছে। ছবিটি মুক্তি পেলে দর্শক আমাকে ভিন্নরূপে পর্দায় দেখতে পাবেন।’
এরই মধ্যে গত সপ্তাহ থেকে ছবিটির প্রচারণা শুরু হয়েছে। এতে ছবির কলাকুশলীরা অংশ নিচ্ছেন। এতে আরও অভিনয় করেছেন তৌকীর আহমেদ, ফেরদৌস, শতাব্দী ওয়াদুদ, এবিএম সুমন প্রমুখ। সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।
অন্যদিকে জয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘দেবী’ দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও প্রদর্শিত হচ্ছে। এ ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। জয়া এখন দুই বাংলাতেই অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.