বাংলাদেশ বিমানের টয়লেট থেকে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার, মেকানিক আটক

বাংলাদেশ বিমানের টয়লেট থেকে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার, মেকানিক আটক।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পতাকাবাহী বিমান বাংলাদেশের একটি এয়ারলাইন্সের টয়লেটের টিস্যু ফেলার বক্স থেকে ১২ কেজি ৭৬০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ওমানের রাজধানী মাস্কট থেকে আসা ফ্লাইট বিজি১২২ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
স্বর্ণ চোরাচালানের সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেকানিক মোহাম্মাদ আফজাল হোসেন হাওলাদার এবং চোরাচালানে ব্যবহৃত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘অরুন আলো’ এয়ারক্রাফটটিও আটক করা হয়েছে।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট নং বিজি১২২ থেকে স্বর্ণের চালানটি উদ্ধার করে ঢাকা কাস্টম হাউসের বিমানবন্দর প্রিভেন্টিভ টিম।
ফ্লাইটটি মাস্কট থেকে চট্টগ্রাম হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানের সিট নং ‘২১এ’ এর পেছনে থাকা টয়লেটের ব্যবহৃত টিস্যু ফেলার জন্য রাখা বক্সের নিচের একটি গোপন স্থান থেকে কালো স্কচটেপে মোড়ানো ৬টি বান্ডিল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত বান্ডিলগুলো পরবর্তীতে কাস্টমস ব্যাগেজ কাউন্টারে নিয়ে আসা হয় এবং বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে বান্ডিলগুলো খুলে প্রতিটি ১০ তোলা ওজনের মোট ১১০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১২ দশমিক ৭৬ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৩৮ লাখ টাকা প্রায়।
এ ঘটনায় দি কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ এবং স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী বিমানবন্দর থানায় মামলা করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.