বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিচার বিভাগ স্বাধীন ও সঠিকভাবে কাজ করতে পারলে রোববারই মুক্তি পাবেন খালেদা জিয়া।
নজরুল ইসলাম খান বলেন, সঠিকভাবে বিচার বিভাগ চললে বেগম খালেদা জিয়ার জামিন হবে। আর তা না হলে তাকে গণতান্ত্রিক পন্থায় কারাগার থেকে মুক্ত করা হবে।খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে, তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়া একটি অমানবিক অপরাধ। সেই অপরাধ শুধু সরকারের হবে না। বাংলাদেশকেও সেই অপরাধের দায় নিতে হবে। বাংলাদেশ আমাদের সবার, বাংলাদেশকে হেয় করার অধিকার কারও নেই। অতএব আমরা সরকারের কাছে দাবি জানাব– অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিন।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার সুচিকিৎসার দাবিতে আমরা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করতে চেয়েছিলাম এবং সে মানববন্ধন কর্মসূচির আরেকটি উদ্দেশ্য ছিল। এ দেশের সাধারণ দিনমজুর ও নির্দিষ্ট নিম্ন আয়ের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদ জানানো এই মানববন্ধনের অন্যতম উদ্দেশ্য ছিল।
কিন্তু প্রেসক্লাবের পেছনে ওসমানী উদ্যানে প্রধানমন্ত্রীর একটি প্রোগ্রাম আছে, তাই তার নিরাপত্তাজনিত কারণে প্রেসক্লাবের সামনে কাউকে দাঁড়াতে দেয়া হচ্ছে না। সে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি– আজকের মানববন্ধন কর্মসূচি আগামী শনিবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবের সামনে পালন করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, হাবিব-উন নবী খান সোহেল, সহশ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।