হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বাবা-ছেলের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে ইউনুসের তিন দিন ও তার ছেলে রাসেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঈনুল ইসলাম এই আদেশ দেন।
এর আগে আসামিদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত তদন্ত কর্মকর্তা (বিমানবন্দর থানার এসআই) আবু সাঈদ।
এদিকে, আসামিদের জামিনের আবেদন করেন আইনজীবী মনির হোসেন।
উভয়পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন আদালত।
উল্লেখ্য, সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে মো. ইউনুস (৪৫) ও তার ছেলে মো. রাসেল (১৫)কে সন্দেহজনক অবস্থায় বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার কাছে ঘোরফেরা করতে দেখে দায়িত্বরত আর্মড পুলিশ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। পরবর্তী সময়ে তাদের বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা রাখার কথা স্বীকার করে। এরপর ইউনুসের কাছ থেকে ১৮৫০ পিস এবং মো. রাসেলের কাছ থেকে ১০০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
