ভারতীয় বিমান পরিষেবা চালুর জন্য রাজ্যগুলির প্রস্তুত থাকা উচিত, কেন্দ্রীয় মন্ত্রী

ভারতীয় যাত্রী বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের পক্ষে নেওয়া সম্ভব নয়। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর চেতনা থেকে রাজ্য সরকারগুলিরও প্রস্তুতি থাকা উচিত। অ-সামরিক বিমান পরিষেবা চালু করা নিয়ে মঙ্গলবার এমন মন্তব্যই করলেন বিমানমন্ত্রী হরদীপ সিং পুরী।

গত ২৫ মার্চ করোনাভাইরাস লকডাউন চালু হওয়ার সঙ্গেই বাণিজ্যিক যাত্রী বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে বিশেষ কয়েকটি বিমান চালায় এয়ার ইন্ডিয়া। এ ছাড়া করোনা মোকাবিলায় ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের অনুমতিক্রমে কার্গো ফ্লাইট, চিকিৎসা সরঞ্জাম পরিবহণে ছাড় দেওয়া হয়েছে।

মন্ত্রী টুইটারে জানিয়েছেন, কেন্দ্র একার সিদ্ধান্তে বিমান পরিষেবা চালু করতে পারে না। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর চেতনা থেকে এ ব্যাপারে রাজ্য সরকারগুলির প্রস্তুতির প্রয়োজন রয়েছে। যে রাজ্যে বিমান ওঠা-নামা করবে, সেখানকার প্রস্তুতিও অন্যতম একটি বিষয়।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ প্রতিরোধে গত ২৫ মার্চ থেকে লকডাউনের জেরে বন্ধ রয়েছে বিমানে ঘরোয়া যাত্রী পরিবহণ। প্রথম পর্যায়ে ২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল, দ্বিতীয় পর্যায়ে ১৫ এপ্রিল থেকে ৩ মে, তৃতীয় পর্যায়ে ৪-১৭ মে এবং ১৮ মে থেকে শুরু হওয়া চতুর্থ পর্যায়ের লকডাউনে বিমান চলাচল নিয়ে একাধিক বার কানাঘুষো শোনা গেলেও পরিষেবা আপাতত স্থগিতই রয়েছে।

এমনকী চলতি মাসের শুরুর দিকেই কয়েকটি বিমান সংস্থা ৩ মে-র পর থেকে টিকিট বুকিং শুরু করার কথা জানিয়েছিল। এয়ার ইন্ডিয়া নিজের ওয়েবসাইটে ঘোষণা করে, কিছু ঘরোয়া রুটে আগামী ৪ মে থেকে টিকিট বুকিং শুরু হবে। অন্য দিকে ১ জুন থেকে শুরু হবে আন্তর্জাতিক টিকিট বুকিং। এর পরই সরকারি ভাবে জানানো হয়, ঘরোয়া অথবা আন্তর্জাতিক বিমান চলচল নিয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.