করোনার প্রভাবে হাতছাড়া হতে যাচ্ছে শাকসবজি ও ফল রপ্তানির বাজার। চাহিদা থাকা সত্ত্বেও ফ্লাইট না পাওয়ায় আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা যাচ্ছে না দেশে উৎপাদিত এসব কৃষিপণ্য। আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী ও কার্গো ফ্লাইট না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অথচ ফ্লাইট বন্ধের আগেও শাকসবজি ও ফল রপ্তানিতে ক্রমেই উন্নতি করছিল বাংলাদেশ। ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ ৪২টির বেশি দেশে এসব পণ্য রপ্তানি করা হতো। এমনকি করোনা মহামারির মধ্যেও এসব খাদ্যপণ্যের চাহিদা কমেনি। তবে রপ্তানিকারকরা জানিয়েছেন, বাংলাদেশ থেকে রপ্তানি বন্ধ থাকলেও ক্রেতারা বিকল্প বাজার থেকে ঠিকই পণ্য সংগ্রহ করছেন। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত থেকে শাকসবজি ও ফল রপ্তানি হচ্ছে এসব বাজারে। এ অবস্থা দীর্ঘদিন চললে ফের সম্ভাবনাময় এ বাজার ফিরে পাওয়া কঠিন হয়ে উঠবে।
জানা যায়, করোনার কারণে বিভিন্ন দেশের সঙ্গে আকাশপথের যোগাযোগ বন্ধ হওয়ায় মার্চের তৃতীয় সপ্তাহ থেকে শাকসবজি ও ফলমূল রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে যায়। রপ্তানিকারকরা চেষ্টা-তদবিরে গত ১৮ মে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় চার্টার্ড বিমানে খাদ্যসহ প্রয়োজনীয় পণ্য কার্গো হিসেবে পরিবহনের অনুমতি দেয়।
বাংলাদেশের সবজির বড় বাজার মধ্যপ্রাচ্যের কাতার, সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপের যুক্তরাজ্য, ইতালি ও ফ্রান্স। এ ছাড়া বাহরাইন, ওমান, মালয়েশিয়া, সুইডেন, কানাডা, জার্মানিসহ বিভিন্ন দেশেও সবজি রপ্তানি হয়। সবজির পাশাপাশি আম, কাঁঠাল, লিচু, পেয়ারাসহ বিভিন্ন ধরনের ফলমূলও রপ্তানি হয়ে থাকে। এ ছাড়া কাঁচা মাছ ও পান রপ্তানিও উল্লেখযোগ্য। মে থেকে আগস্ট এই সময়ে রপ্তানি সবচেয়ে বেশি হয়।