মোদী সরকার করোনা ভাইরাস পরিস্তিতিতে বিদেশে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে বিমানের সংখ্যা বাড়িয়েছে । বন্দে ভারত মিশনের তৃতীয় পর্যায়ে বাড়ছে বিমানের সংখ্যা। লকডাউনে আমেরিকা এবং কানাডায় আটকে থাকা ভারতীয়দের ফেরাতে বিমানের সংখ্যা বাড়িয়ে ৮০টি করা হয়েছে।
একইভাবে ১৬৫টি বিমান রওনা দেবে মধ্য প্রাচ্যের দেশগুলিতে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে। বন্দে ভারত মিশনের তৃতীয় পর্যায়ে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এমনই সিদ্ধান্ত নিচ্ছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।
করোনার মহামারিতে কাঁপছে গোটা বিশ্ব। বিশ্বের নানা প্রান্তে লক্ষ-লক্ষ ভারতীয় নাগরিকও দেশে ফিরতে চাইছেন। এই অবস্থায় মোদী সরকার বিদেশে থাকা ভারতীয়দের ফেরাচ্ছে।
বন্দে ভারত মিশনের তৃতীয় পর্যায় আগামী ১৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলবে। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার এবারও বিদেশ থেকে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাবে। এমনকী মিশন শুরুর পর যদি আরও বিমনের প্রয়োজন হয় তবে সেই ব্যবস্থাও আগেভাগে ভেবে রেখেছে ভারত সরকার।
মিশনের প্রথম ধাপে ৭ মে থেকে ১৬ মে বিশ্বের নানা প্রান্তের ১২টি দেশ থেকে ১৬,৭১৬ জন ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে।
মিশনের দ্বিতীয় পর্যায়েও ৬০টি দেশ থেকে আটকে থাকা ভারতীয়দের ফেরানোর প্রক্রিয়া চলছে। আগামী ১৩ জুন বন্দে ভারত মিশনের দ্বিতীয় পর্যায়ের অভিযান শেষ হলেই ঠিক তার পরের দিন থেকেই শুরু হবে তৃতীয় পর্যায়ের তৎপরতা।
