বিমানের বিশেষ ফ্লাইট আটকে আছে পর্তুগালের নতুন নিয়মে

বাংলাদেশ বিশেষ ফ্লাইটের আয়োজন করলেও পর্তুগালের নতুন নিয়মের কারণে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট।

বুধবার (২৪ জুন) সকাল ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু পর্তুগালের নতুন নিয়মের কারণে অনুমতি না মেলায় ফ্লাইট ছাড়তে পারেনি বিমান।

বিমানবন্দর তথ্য সূত্রে জানা যায়, সকাল থেকে বিমানবন্দরে এসে আটকে আছেন ২৩৩ জন যাত্রী। ফ্লাইটটি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ‘ফ্লাইটটি এখনও ছেড়ে যায়নি। যাত্রীরা তো এ বিষয়ে উদগ্রীব না, আপনারা (সাংবাদিকরা) কেন এটাকে বার্নিং ইস্যু বানানোর চেষ্টা করছেন। বেশি কিছু জানার দরকার হলে পর্তুগালে যোগাযোগ করুন।’

বাংলাদেশে অবস্থানরত পর্তুগালের রেসিডেন্স কার্ডধারীদের জন্য বিশেষ ফ্লাইটের আয়োজন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইটটি বুধবার সকাল ১১টায় ঢাকা ত্যাগ করার কথা ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ ফ্লাইট পরিচালনার জন্য পর্তুগালের অনুমতি নেয় বিমান।

গত ১৪ জুন ফ্লাইট পরিচালনার অনুমতি পায় বিমান। কিন্তু দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (২৩ জুন) নতুন আদেশ জারি করে যে, যেকোনও বিশেষ ফ্লাইট পরিচালনার জন্য তাদেরও অনুমতি নিতে হবে।

বুধবার সকালে নতুন নিয়মের বিষয়টি বিমানকে জানানো হয়। ফলে নতুন নিয়মের কারণে নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি বিমানের এই বিশেষ ফ্লাইট। পর্তুগালের সিদ্ধান্ত জানার পর বিমান ফের অনুমতি চেয়ে আবেদন করেছে। অনুমতি মিললেই ছেড়ে যাবে ফ্লাইটটি।

এদিকে সকাল সাতটার দিকে এই ফ্লাইটের যাত্রীরা বিমানবন্দরে আসেন। তবে ফ্লাইটের অনুমতি না পাওয়ায় যাত্রীদের সকাল থেকে অপেক্ষা করতে হচ্ছে। বিমানের পক্ষ থেকে দুপুরের খাবার ও নাশতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.