মিয়ানমার থেকে ৩ পুলিশ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরাম পার হয়ে দেশটিতে আশ্রয় চেয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।
বৃহস্পতিবার ভারতীয় প্রশাসনকে উদ্ধৃত করে প্রতিবেদনটিতে বলা হয়েছে, মিয়ানমারের সেনাবাহিনীর আদেশ মানবেন না, তাই ওই তিন কনস্টেবল দেশটি থেকে পালিয়ে ভারতে প্রবেশ করেন।
মিজোরামের শীর্ষ পুলিশ কর্মকর্তা স্টিফেন লালরিনাওমা সংবাদমাধ্যমটিকে বলেন, ‘তারা বলেছেন সেনাবাহিনী থেকে যে নির্দেশ পেয়েছেন, সেটি মানতে পারবেন না বলেই পালিয়ে এসেছেন।’
মিয়ানমারের সঙ্গে ভারতের ১ হাজার ৬৪৩ কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে। হাতেগোনা কিছু রোহিঙ্গা দেশটিতে আগে প্রবেশ করলেও পুলিশ সদস্যদের এভাবে আশ্রয় চাওয়ার ঘটনা বিরল।
১ ফেব্রুয়ারি মিয়ানমার সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। এরপর শুরু হয় বিক্ষোভ। এখন পর্যন্ত সেখানে অর্ধশতাধিক বিক্ষোভকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন।