শ্রীমঙ্গলে এক কেজি ‘ইয়লো টি’ ১২ হাজার ২০০ টাকা!

দেশের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে এক কেজি ‘ইয়লো টি’ বিক্রি হয়েছে ১২ হাজার ২০০ টাকায়। দেশের ১৬০ বছরের চায়ের ইতিহাসে এটাই চায়ের সর্বোচ্চ দাম।

নিলামে তোলা হয়েছিল মোট দুই কেজি চা। এরপর এই চা কিনে নেয় পপুলার টি হাউজ। নিলাম কেন্দ্র থেকে জানা যায়, এবারই প্রথম শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে ইয়লো টি অফারিং করা হয়েছে। ১৮ মার্চের ২০তম নিলামে এই ইয়লো টি নিলামে তুলেছিল শ্রীমঙ্গল টি ব্রোকার লি.। এটি ছিল বৃন্দাবন চা বাগানের চা।

শ্রীমঙ্গল টি ব্রোকার লিমিটেডের এমডি হেলাল আহম্মদ বলেন, ‘আমরা মাত্র দুই কেজি ইয়লো টি পেয়েছিলাম। এত দামে বিক্রি হবে তা আগে ভাবতে পারিনি। এই দাম পেয়ে আমি খুশি। চায়ের ইতিহাসে এটি সর্বোচ্চ দাম। এর আগে ২০১৮ সালে শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে প্রথম নিলামে ইস্পাহানীর চা বিক্রি হয়েছিল ১১ হাজার টাকা কেজি দরে।’

বৃন্দাবন চা বাগানের ব্যাবস্থাপক মো. নাসির উদ্দিন খান বলেন, ‘ইয়লো টি বিশ্বে শুধুমাত্র কোরিয়া এবং চীন দেশ উৎপাদন করছে।। তৃতীয় দেশ হিসাবে এখন বাংলাদেশ করলো। আমরাই এটা প্রথম করেছি।’

তিনি আরও বলেন, ‘বিশ্বে চায়ের বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অবশ্যই আমাদেরকে নতুন নতুন চা উৎপাদন করতে হবে। শ্রীমঙ্গল নিলামে ১২ হাজার ২০০ করে আমাদের এই ইয়লো চা বিক্রি হয়েছে। এর আগে চট্টগ্রামে ৪২তম নিলামে আমাদের ইয়লো টি অফারিং করেছিল পূর্ববাংলা ব্রোকাস। বিক্রি হয়েছিল ৮ হাজার ৩০০ টাকা কেজি দরে। বাংলাদেশে এক সময় এই চায়ের দাম আরও অনেক বেশি পাওয়া যাবে বলে আমি আশাবাদী।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.