মার্কিন নাগরিকদের করোনার কারণে বিশ্বের ৮০ ভাগ দেশে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
গণমাধ্যমে দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে পাঠানো নতুন ভ্রমণ নির্দেশিকায় বলা হয়েছে, এই মহামারি ভ্রমণকারীদের জন্য নজিরবিহীন ঝুঁকি সৃষ্টি করেছে। এ ঝুঁকির কথা মাথায় রেখেই মার্কিন নাগরিকদের বিদেশে ভ্রমণের বিষয়টি ভেবে দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিশ্বে প্রায় ২০০ দেশের মধ্যে ৩৪ টি দেশ (১৬ শতাংশ) এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চার স্তরের সতর্কতা ‘ভ্রমণ করবেন না’ তালিকায় আছে। এর মধ্যে আছে চাদ, কসোভো, কেনিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, হাইতি, মোজাম্বিক, রাশিয়া এবং তানজানিয়ার মতো দেশগুলো। নতুন পরামর্শের ফলে এ তালিকায় আরও ১৩০টি দেশ অন্তর্ভুক্ত হতে পারে।
আমেরিকানরা এরই মধ্যে কোভিড-১৯ নিয়ে কড়াকড়ির কারণে ইউরোপ ভ্রমণে বাধার মুখে আছে। ইউরোপের দেশগুলোসহ চীন, ব্রাজিল, ইরান এবং দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি ভ্রমণ করা প্রায় সব অ-মার্কিনিদেরই ওপরই ওয়াশিংটন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। হোয়াইট হাউস এই কড়াকড়ি কখন শিথিল হবে তার কোনো সময়সীমা দেয়নি।
সূত্র: ডয়েচে ভেলে