বাংলাদেশসহ ১১৬ দেশ যুক্তরাষ্ট্রের ‘ডু নট ট্র্যাভেল’ তালিকায়

যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে করোনাভাইরাস পরিস্থিতির কারণে বাংলাদেশসহ অন্তত ১১৬টি দেশকে ‘ডু নট ট্র্যাভেল’ তালিকাভুক্ত করেছে।

সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ তালিকায় নতুন করে কয়েকটি দেশকে যুক্ত করা হয়।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইসরায়েল, মেক্সিকো, জার্মানিসহ আরও কয়েকটি দেশকে ‘করোনার অতি উচ্চ সংক্রমণের’ দেশ হিসেবে উল্লেখ করে এসব দেশে ভ্রমণ থেকে বিরত থাকতে নাগরিকদের উৎসাহিত করা হয়।

গত মঙ্গলবার পর্যন্ত এই তালিকায় ৩৪টি দেশের নাম ছিল। তবে নতুন এই তালিকার মাধ্যমে বিশ্বের ৮০ শতাংশ দেশেই নাগরিকদের ভ্রমণ নিরুৎসাহিত করা হলো।

তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, মালদ্বীপ, আফগানিস্তান, ফিনল্যান্ড, মিসর, বেলজিয়াম, তুরস্ক, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড ও স্পেনের নামও আছে।

পাশাপাশি, মার্কিন নাগরিক নন এমন ব্যক্তি যারা সম্প্রতি ইউরোপ, চীন, ব্রাজিল, ইরান ও সাউথ আফ্রিকায় ভ্রমণ করেছেন, তাদেরকেও যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের বিদ্যমান মহামারির মূল্যায়নের ওপর নির্ভর করে এই পরামর্শ দেওয়া হয়েছে। এই পরামর্শ বাধ্যতামূলক নয় এবং এতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.