১০ মাসের বাছুর দিনে তিন লিটার করে দুধ দিচ্ছে !

টাঙ্গাইলের সখীপুর উপজেলার গড়গোবিন্দপুর গ্রামের খোরশেদ আলমের বাড়িতে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা, মাত্র ১০ মাস বয়সী বকনা বাছুরের ওলান থেকে প্রতিদিন প্রায় ৩ লিটার করে দুধ বের হচ্ছে।

খোরশেদ আলম জানিয়েছেন, প্রায় ১৫ দিন যাবত তার বকনা বাছুরটি দিনে তিন লিটার দুধ দিচ্ছে আর বাছুরটির মা দুধ দিচ্ছে ছয় লিটার। এ ঘটনা শুনে প্রতিদিন উৎসুক মানুষ ভিড় করছেন। কোনো দিন দুধ সংগ্রহ না করলে ওলান থেকে এমনি এমনি দুধ ঝরে পড়ে।

খোরশেদ আলমের স্ত্রী মর্জিনা বেগম জানান, দীর্ঘদিন ধরে তিনি গাভী পালন করছেন। ১০ মাস আগে তার পালিত বিদেশি জাতের গাভিটির বাছুর হয়। আর সেই বাছুরকে লালন-পালন করে আসছেন তিনি। ১৫ দিন আগে তিনি ১০ মাস বয়সী বাছুরকে গোসল করাতে গেলে গরুটির ওলান ফোলা দেখে ধারণা করেন, এর ওলানে দুধ জমেছে।

তিনি তাৎক্ষণিক গরুটির ওলান থেকে দুধ সংগ্রহ করেন। প্রথম কয়েক দিন আধা লিটার দুধ পান তিনি। এখন দুধের পরিমাণ বেড়েছে। পরিবারের সদস্যরা এই দুধ পান করছেন। মাঝেমধ্যে এলাকার লোকজনকেও বিনা মূল্যে দিচ্ছেন তিনি। এঘটনায় প্রতিদিন মানুষ বিভিন্ন স্থান থেকে বকনা বাছুরটি দেখতে আসছেন।

হরমোনের কারণে এমনটা হতে পারে। ঘটনাটি ভিন্ন রকম মনে হলেও ওই দুধ পুরোপুরি স্বাস্থ্যসম্মত। এ ধরনের ঘটনা দেশে আগেও ঘটেছে। অতএব আশ্চর্য হওয়ার কিছু নেই বলে জানান সখীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল জলিল।

সুত্রঃ সময় টিবি

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.