চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে বলে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পূর্বাভাসে বলা হয়েছে।
এডিবির চোখে গত অর্থবছরে প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৯ শতাংশ।
এ ধারা অব্যাহত থাকলে ২০২৩ সালে বাংলাদেশ ৭ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে।
করোনার সংকট কাটিয়েও বাংলাদেশ প্রবৃদ্ধি অর্জনের ধারা অব্যাহত রাখতে সক্ষম হবে বলে জানিয়েছে এডিবি।
অথচ চলতি অর্থবছরে মালয়েশিয়ার প্রবৃদ্ধি হবে ৬ শতাংশ এবং সিঙ্গাপুরের ৪ দশমিক ৩ শতাংশ।
অর্থাৎ প্রবৃদ্ধি অর্জনে এ দুটি দেশকেও পেছনে ফেলবে বাংলাদেশ।
বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টায় এডিবির সদরদপ্তর ম্যানিলা থেকে সংস্থার সব সদস্য দেশের অর্থনৈতিক পরিস্থিতির ওপর প্রতিবেদন প্রকাশিত হয়।
ওই প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং ভার্চুয়ালি এ তথ্য তুলে ধরেন।
এডিবির প্রতিবেদনের তথ্যমতে, ২০২১-২২ অর্থবছরে দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধি অর্জনে শীর্ষে থাকবে ভারত। দেশটির সম্ভাব্য প্রবৃদ্ধি ৭ দশমিক ৫ শতাংশ, যা গত বছর ছিল ৮ দশমিক ৯ শতাংশ।
দক্ষিণ এশিয়ায় শীর্ষে থাকলেও গত অর্থবছরের চেয়ে এবার ভারতের প্রবৃদ্ধি কমবে।
দক্ষিণ এশিয়ায় গড় প্রবৃদ্ধি হবে ৭ শতাংশ, গত বছর যা ছিল ৮ দশমিক ৩ শতাংশ। একই সময়ে পাকিস্তানের প্রবৃদ্ধির হার হবে মাত্র ৪ শতাংশ।