আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ২০ এপ্রিল থেকে নতুন টাকার নোট বাজারে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক।
যাতে সবাই নতুন টাকা নিতে পারেন এজন্য ৩২টি ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে এ টাকা।
তবে একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২০-২৮ এপ্রিল পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া) বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখার কাউন্টারের মাধ্যমে নতুন নোট বিতরণ বা বিনিময় করা হবে।
এছাড়া ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৩২টি শাখার মাধ্যমেও একই সময়ে নতুন নোট দেওয়া হবে।
এসব নোটের মধ্যে থাকবে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান নোট।
একই ব্যক্তি একাধিকবার নতুন নোট নিতে পারবেন না।
তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যে কোনো পরিমাণ ধাতব মুদ্রা নিতে পারবেন।