আগামী দুদিন পর দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি হয়নি। সিলেটে ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
যদিও এ সময় ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘলা ছিল।
রোববার সকাল থেকেও ঢাকার আকাশে মেঘের আধিপত্যে রোদের দেখা মিলছে কম। তবে রয়েছে দমকা বাতাস।
বৃষ্টি কম থাকায় গরম বেড়েছে।
দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ। রয়েছে ভ্যাপসা গরমের অস্বস্তি।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।