১ অক্টোবর থেকে নিজস্ব কার্গো ফ্লাইট চালু করছে ফ্লাইদুবাই

দুবাইভিত্তিক বিমান সংস্থা ফ্লাইদুবাই এবার যাত্রী পরিবহনের পাশাপাশি সরাসরি পণ্য পরিবহন কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এ জন্য আগামী ১ অক্টোবর থেকে তিনটি বোয়িং ৭৩৭-৮০০ মালবাহী উড়োজাহাজ দিয়ে নিজস্ব কার্গো কার্যক্রম চালু করবে সংস্থাটি।

দুবাইভিত্তিক বিমান সংস্থা ফ্লাইদুবাই এবার যাত্রী পরিবহনের পাশাপাশি সরাসরি পণ্য পরিবহন কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এ জন্য আগামী ১ অক্টোবর থেকে তিনটি বোয়িং ৭৩৭-৮০০ মালবাহী উড়োজাহাজ দিয়ে নিজস্ব কার্গো কার্যক্রম চালু করবে সংস্থাটি। সলিটএয়ারের সঙ্গে করা ওয়েট-লিজ চুক্তির আওতায় এসব উড়োজাহাজ পরিচালনা করা হবে।

নতুন এই কার্যক্রমের প্রধান ঘাঁটি হবে দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল (ডিডব্লিউসি)। এর মাধ্যমে ফ্লাইদুবাই কার্গো পণ্য পরিবহনের জন্য বিশেষায়িত অবকাঠামো এবং দুবাই সাউথের বিভিন্ন পরিবহন ব্যবস্থার সঙ্গে সংযোগ ব্যবহারের সুযোগ পাবে।

প্রতিটি বোয়িং ৭৩৭-৮০০ মালবাহী উড়োজাহাজ প্রতি ফ্লাইটে সর্বোচ্চ প্রায় ২৩ হাজার কেজি অতিরিক্ত পণ্য বহন করতে পারবে। এর পাশাপাশি ফ্লাইদুবাইয়ের বহরে থাকা ৯৮টি বোয়িং ৭৩৭ যাত্রীবাহী উড়োজাহাজের নিচের কার্গো হোল্ডেও পণ্য পরিবহন অব্যাহত থাকবে। ফলে নতুন মালবাহী উড়োজাহাজ যুক্ত হওয়ার মাধ্যমে সংস্থাটির মোট পণ্য পরিবহন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

ফ্লাইদুবাই জানিয়েছে, ভবিষ্যতে তাদের মালবাহী সক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে সংস্থাটির অর্ডারে ৩০টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার রয়েছে। পাশাপাশি ২০২৯ সাল থেকে যাত্রীবাহী উড়োজাহাজকে মালবাহী উড়োজাহাজে রূপান্তরের সম্ভাবনাও যাচাই করবে প্রতিষ্ঠানটি।

নতুন কার্গো কার্যক্রমের আওতায় আফ্রিকা, মধ্য এশিয়া, ককেশাস, ইউরোপ, উপসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ১২৫টির বেশি গন্তব্যে নিয়মিত ও চার্টার ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। শুরুতে বেশি চাহিদাসম্পন্ন আঞ্চলিক বাজারগুলোকে গুরুত্ব দেওয়া হবে। চাহিদা ও সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে এসব রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে।

ফ্লাইদুবাইয়ের নতুন মালবাহী উড়োজাহাজগুলো বিভিন্ন বিশেষায়িত পণ্য পরিবহনে ব্যবহার করা হবে। এর মধ্যে রয়েছে উড়োজাহাজের যন্ত্রাংশ, ওষুধ, পচনশীল পণ্য, জীবন্ত প্রাণী, দ্রুত সরবরাহযোগ্য পণ্য এবং বিপজ্জনক পণ্য।

ফ্লাইদুবাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা গাইথ আল গাইথ বলেন, নতুন এই কার্যক্রম দুবাইকে বৈশ্বিক বাণিজ্য, ই-কমার্স ও সরবরাহ ব্যবস্থার অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যকে সমর্থন করবে।

সংস্থাটির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা হামাদ ওবাইদাল্লাহ বলেন, বর্তমানে গ্রাহকদের মধ্যে নির্দিষ্ট মূল ডেকের কার্গো সক্ষমতা, নমনীয় সময়সূচি এবং বিশেষায়িত পণ্য ব্যবস্থাপনার চাহিদা বাড়ছে। নতুন মালবাহী উড়োজাহাজের মাধ্যমে এসব চাহিদা পূরণে আরও কার্যকর সেবা দেওয়ার সুযোগ তৈরি হবে।

ফ্লাইদুবাইয়ের এই উদ্যোগ তাদের বাণিজ্যিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করার পাশাপাশি দুবাইয়ের ক্রমবর্ধমান কার্গো ও লজিস্টিকস বাজারে সংস্থাটির অবস্থান আরও শক্তিশালী করতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.