মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি রফতানির আশা প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে সংসদ ভবন কার্যালয়ে মালয়েশিয়ার সংসদ সদস্য ও গভর্নমেন্টস ব্যাকবেঞ্চার্স ক্লাবের চেয়ারম্যান দাতো স্রি তাজউদ্দিন আব্দুল রহমান সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আশা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে তারা মালয়েশিয়া-বাংলাদেশ সুদীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংসদীয় গণতন্ত্রের চর্চা, বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রম, বাংলাদেশের দক্ষ জনশক্তি, ব্যবসা-বাণিজ্যের প্রসার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।
ড. শিরীন শারমিন বলেন, বাংলাদেশ বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা উপভোগ করছে।
কেননা, বর্তমানে দেশে কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি।
মালয়েশিয়াসহ আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের জনশক্তি দক্ষতার স্বাক্ষর রেখেছে। মালয়েশিয়ার পরিবেশ, খাদ্যাভ্যাস, ভ্রাতৃত্ববোধ ইত্যাদি বিষয়ে বাংলাদেশের সঙ্গে অনেক সাদৃশ্য রয়েছে।
তাই মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে আরও অধিক পরিমাণ জনশক্তি রফতানির আশা প্রকাশ করেন স্পিকার।