নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় বিমানের ৫ কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুত

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। মঙ্গলবার বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও যাহিদ হোসেন এ তথ্য জানান।

চাকরিচ্যুত কর্মীরা হলেন- বিমানের এমটি অপারেটর জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মাহফুজ আলম ভূঁইয়া ও এনামুল হক; অফিস সহকারী আওলাদ হোসেন ও হারুনুর রশিদ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে আদালতের নির্দেশে তাঁরা রিমান্ডে রয়েছেন। মঙ্গলবার গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মশিউর রহমান সমকালকে বলেন, গ্রেপ্তার পাঁচ বিমানকর্মীকে রিমান্ডে নেওয়া হয়েছে। এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদেরও বিচারের আওতায় আনা হবে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক যাহিদ হোসেন বলেন, চাকরিচ্যুতরা বর্তমানে গোয়েন্দা হেফাজতে আছেন। প্রশ্ন ফাঁসের ঘটনায় বিমানের তদন্ত কমিটির কার্যক্রম অব্যাহত আছে। আর কেউ জড়িত আছেন কিনা, তা শনাক্তের চেষ্টা চলছে।

প্রশ্ন ফাঁসের ঘটনায় বিমানের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি গতকাল প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে তারা তা দেয়নি। গত শনিবার বিমানের পরিচালক (অর্থ) নওশাদ হোসেনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।

সংশ্লিষ্ট বিমান ও গোয়েন্দা সূত্র জানায়, বিমানের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের চক্রটি প্রায় আড়াই কোটি টাকা হাতিয়েছে। ৫০ জনের বেশি চাকরিপ্রার্থীর কাছে দুই থেকে সাত লাখ টাকায় বিক্রি হয়েছে প্রশ্ন। যারা তাৎক্ষণিকভাবে টাকা দিতে পারেননি, তাঁদের সঙ্গে ৩০০ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি হয়। চাকরি পাওয়ার পর তাঁরা টাকা, অথবা জমি দিতে বাধ্য থাকবেন- এমন চুক্তিও হয়েছে। জড়িতদের জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য জেনেছেন গোয়েন্দারা।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.