নভেম্বরে রাজশাহী-কক্সবাজার রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নভোএয়ারের

আগামী নভেম্বর থেকে রাজশাহী-কক্সবাজার রুটে বিমান চলাচল শুরু হতে যাচ্ছে। বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের একটি ফ্লাইট সপ্তাহে একদিন এ রুটে ডানা মেলবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের প্রস্তাবে সাড়া দিয়ে নভোএয়ার এ সিদ্ধান্ত নিয়েছে।

এই রুটে বিমান চলাচল শুরু করতে বুধবার (২৬ অক্টোবর) বিকেলে নগর ভবনে নভোএয়ারের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজশাহী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে সভা করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, ব্যবসায়ী আব্দুল আওয়াল খান চৌধুরী, শাহাদৎ হোসেন বাবু, সাদরুল ইসলাম, রিয়াজ আহমেদ খান, আব্দুল গাফফার, মাসুম সরকার, আসাদুজ্জামান রবি, সাজ্জাদ আলী, মতিউল হক, নভোএয়ারের রাজশাহীর সেলস ইনচার্জ মানিক কৃষ্ণ চক্রবর্তী, রাজশাহী এয়ারপোর্টের অপারেশন ইনচার্জ আসাদুজ্জামান শাওন, বরিশাল এয়ারপোর্টের অপারেশন ইনচার্জ সাজেদুল সাব্বির প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা শেষে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি বিমান চালু রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। এ বিষয়ে নভোএয়ার কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছিলাম। তারা আমার অনুরোধে প্রতি সপ্তাহে একটি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে। এতে পরিবার-পরিজন নিয়ে রাজশাহী থেকে কক্সবাজার স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন ভ্রমনপিপাসুরা।’

নভোএয়ারের বিভাগীয় প্রধান (বিপণন ও বিক্রয়) মেস-বাহ-উল ইসলাম জানান, রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উদ্যোগ, সাহস ও সমর্থনে প্রতি সপ্তাহে নভোএয়ারের একটি ফ্লাইট রাজশাহী-কক্সবাজার রুটে চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৬-১৭ নভেম্বর থেকে ফ্লাইট চালুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, প্রতি সপ্তাহে বুধবার অথবা বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজশাহী থেকে কক্সবাজারের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। আবার প্রতি সপ্তাহে শনিবার অথবা রোববার বিকাল ৩টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে। রাজশাহী থেকে আকাশপথে কক্সবাজার যেতে সময় লাগবে প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট। এ রুটে সর্বনিম্ন ভাড়া ৫ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.