মহড়ার সময় সৌদি আরবের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, সোমবার আব্দুলআজিজ বিমান ঘাঁটিতে প্রশিক্ষণকালে এফ-১৫এস নামে রয়্যাল সৌদি বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত হয়।
সৌদি আরবের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল তুর্ক আল মালিকি জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে বিমান বিধ্বস্ত হলেও এতে থাকা দুইজন ক্রু অক্ষত আছেন।
এছাড়া এ দুর্ঘটনার কারণে ভূমিতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যয়নি। দুর্ঘটনা তদন্তে একটি প্যানেল কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, এফ-১৫ ঈগল হল সব আবহাওয়ায় চলার উপযোগী একটি টুইন-ইঞ্জিন বিমান। বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং।