সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় দেশটির চার সেনাসদস্য নিহত ও একজন আহত হয়েছেন খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় শনিবার সকাল ৬টা ৩০ মিনিটে এ হামলার ঘটনা ঘটে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে এ তথ্য।
ব্রিটিশ-ভিত্তিক আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হোমস ও হামা প্রদেশের ইরানপন্থিদের টার্গেট করে এ হামলা চালানো হয়েছে।
সিরিয়ান অবজারভেটরি সংস্থাটি আরও বলেছে, ইসরায়েলি বাহিনী লাতাকিয়া প্রদেশে সিরিয়ার একটি বিমান প্রতিরক্ষাব্যবস্থাকে লক্ষ্য করেও হামলা চালায়।
সিরিয়ার বিমান বাহিনীও পাল্টা হামলা চালিয়েছে বলেও জানায় সংবাদ সংস্থা সানা।
তবে হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর কোনও মন্তব্য পাওয়া যায়নি।
কয়েক বছর ধরে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত অংশে বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তবে এসব হামলার বিষয় প্রায়ই অস্বীকার করে দেশটি।
গত ১৩ নভেম্বর ইসরায়েলের বিমান হামলায় আরও দুই সিরিয়ার সেনা নিহত হন। এর আগে অক্টোবরে আরও একটি বিমান হামলায় একজন সিরিয়ার সেনা সদস্য ও তিনজন ইরান-পন্থি সমর্থক নিহত হন।